ইরানের সঙ্গে যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফেরার উৎসব পালন করবেন ট্রাম্প
-
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে- ইরান-মার্কিন সমঝোতা স্মারকের উপর এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট লিখেছে, ডোনাল্ড ট্রাম্প এখন ২৮শে ফেব্রুয়ারির আগের পরিস্থিতিতে ফেরার উৎসব উদযাপন করবেন; তাও আবার এমন একটি পরিস্থিতিতে যাকে কিছু বিশেষজ্ঞ আক্ষরিক অর্থেই পশ্চাদপসরণ বলে মনে করছেন।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক সই এমন এক সময়ে হতে যাচ্ছে যখন ট্রাম্প একটি ব্যয়বহুল যুদ্ধের অবসান ঘটাতে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করছেন, যদিও যুদ্ধের শুরুর দিকে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষমতা ধ্বংস করার বাগাড়ম্বর করেছিলেন।
রবিবার, ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার অভিযানের সমাপ্তি ঘোষণা দিয়ে বলেন, "বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো এবং তেল সরবরাহ করো!"
ওয়াশিংটন পোস্টের কলামিস্টের মতে, ট্রাম্প প্রকৃতপক্ষে ২৮শে ফেব্রুয়ারির আগের পরিস্থিতিতে ফেরার উৎসব উদযাপন করবেন, যা ছিল ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলার ঠিক আগের দিন।
প্রতিবেদনে বলা হয়েছে: সাম্প্রতিক মাসগুলোতে ইরানের প্রতিরোধের কারণে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এমন ফাটল তৈরি হয়েছে যে, ট্রাম্প তার ৮০তম জন্মদিনের অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিকদের সামনে তাকে গালিগালাজ করেন।
প্রতিবেদনের অন্য একটি অংশে বলা হয়েছে: যুদ্ধের আগের বক্তব্যের বিপরীতে, মার্কিন প্রেসিডেন্ট এখন আর ইরানে শাসন পরিবর্তনের কথা বলছেন না এবং তেহরানের সাথে আলোচনা ও শান্তি বিঘ্নিত করতে পারে এমন যেকোনো সামরিক পদক্ষেপ থেকে সরে আসার ওপর মনোযোগ দিয়েছেন; যেমনটা রবিবারে ঘটেছিল যখন তিনি লেবাননের শহরতলিতে হামলার জন্য নেতানিয়াহুর সমালোচনা করেছিলেন।
ওয়াশিংটন পোস্ট আরও উল্লেখ করেছে যে, ইরানের সাথে এই চুক্তির বিরোধিতা করছেন ট্রাম্পের কিছু কট্টর সমর্থক, যার মধ্যে রয়েছেন রেডিও উপস্থাপক ও রক্ষণশীল আমেরিকান ভাষ্যকার মার্ক লেভিন, যিনি সমঝোতা স্মারকের বিস্তারিত বিবরণ প্রকাশের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ আরেকজন এবং ইরানের ওপর সামরিক হামলার কট্টর সমর্থক সিনেটর লিন্ডসে গ্রাহামও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি ঘোষণার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে 'চুক্তির স্থপতি' বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, চুক্তির বিস্তারিত খসড়া অবশ্যই কংগ্রেস কর্তৃক অনুমোদিত হতে হবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।