ইরান যুদ্ধ বিশ্বে ওয়াশিংটনের ক্ষমতার বিশ্বাসযোগ্যতা হ্রাস করেছে: হিল
https://parstoday.ir/bn/news/world-i160940-ইরান_যুদ্ধ_বিশ্বে_ওয়াশিংটনের_ক্ষমতার_বিশ্বাসযোগ্যতা_হ্রাস_করেছে_হিল
পার্সটুডে-মার্কিন একটি সংবাদপত্রের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রেক্ষাপটে সাম্প্রতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাকে ফুটিয়ে তুলেছে।
(last modified 2026-07-01T13:18:36+00:00 )
জুলাই ০১, ২০২৬ ১৯:১১ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরোধক্ষমতা দুর্বল হয়েছে
    ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরোধক্ষমতা দুর্বল হয়েছে

পার্সটুডে-মার্কিন একটি সংবাদপত্রের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রেক্ষাপটে সাম্প্রতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাকে ফুটিয়ে তুলেছে।

সেইসঙ্গে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর কাছে ওয়াশিংটনের প্রতিরোধ ক্ষমতার বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, মার্কিন দৈনিক দ্য হিল সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব বিশ্লেষণ করে দাবি করেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের স্বার্থের জন্য একটি অলাভজনক সমঝোতা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হলো-চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো কৌশলগত প্রতিদ্বন্দ্বীদের কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা হ্রাস পাওয়া। তাদের ধারণা, ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছা নেই।

প্রতিবেদনে ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইরানের বিভিন্ন ইস্যুর উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড থেকে বোঝা যায় যে, দীর্ঘস্থায়ী সংঘাত-এমনকি তা সরাসরি যুদ্ধে রূপ না নিলেও-কার্যকরভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ধারাবাহিকতা ও স্থিতিশীলতার ঘাটতি রয়েছে।

বিশ্লেষণের আরেক অংশে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অর্থনীতির সামুদ্রিক হুমকির প্রতি দুর্বলতাও প্রকাশ করেছে।

দ্য হিল আরও উল্লেখ করেছে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি তাইওয়ান প্রণালি এশিয়ার প্রায় ২০ শতাংশ পণ্য ও উৎপাদন সরঞ্জাম-বিশেষ করে তাইওয়ানে উৎপাদিত উন্নত সেমিকন্ডাক্টর (চিপ) পরিবহনের একটি প্রধান পথ। এই দুটি গুরুত্বপূর্ণ নৌপথের যে-কোনো একটিতে বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতি গুরুতর সংকটের মুখে পড়তে পারে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।