পেন্টাগন প্রধান হেগসেথকে নিয়ে রিপাবলিকান সিনেটরদের আস্থা কমছে!
https://parstoday.ir/bn/news/world-i161754-পেন্টাগন_প্রধান_হেগসেথকে_নিয়ে_রিপাবলিকান_সিনেটরদের_আস্থা_কমছে!
পার্সটুডে: মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল লিখেছে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়ে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ায় পেন্টাগন পরিচালনায় মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের প্রতি রিপাবলিকান সিনেটরদের আস্থা কমে যাচ্ছে। ইরনার বরাতে পার্স টুডে জানায়, দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে মার্কিন সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন। তাদের দাবি, ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল ও গ্যাসের দাম বেড়েছে।
(last modified 2026-07-28T11:28:58+00:00 )
জুলাই ২৮, ২০২৬ ১৭:০৫ Asia/Dhaka
  • মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ
    মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ

পার্সটুডে: মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল লিখেছে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়ে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ায় পেন্টাগন পরিচালনায় মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের প্রতি রিপাবলিকান সিনেটরদের আস্থা কমে যাচ্ছে। ইরনার বরাতে পার্স টুডে জানায়, দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে মার্কিন সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন। তাদের দাবি, ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল ও গ্যাসের দাম বেড়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধ লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়া—যার ফলে ইয়েমেনি বাহিনী সৌদি ট্যাংকারে হামলা চালিয়েছে বলে দ্য হিল উল্লেখ করেছে—রিপাবলিকানদের একাংশের মতে, এটি পেন্টাগনের জন্য আরেকটি অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করেছে।

উত্তর ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর টম টিলিস দ্য হিলকে বলেন, “হেগসেথের ওপর আমার আর আস্থা নেই।” তাঁর মতে, হেগসেথ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার অবসর ও অপসারণের প্রক্রিয়া ত্বরান্বিত করেছেন।

টিলিস হেগসেথকে পেন্টাগনের মতো বিশাল একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনভিজ্ঞ ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যুদ্ধের ব্যয় বেড়ে যাওয়া এবং দীর্ঘস্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা দেখা না দেওয়ায় হেগসেথের নেতৃত্ব নিয়ে রিপাবলিকান সিনেটরদের মধ্যে আস্থার সংকট ক্রমেই বাড়ছে।

ইরান যুদ্ধ বাব আল-মান্দাবের মতো আরেকটি গুরুত্বপূর্ণ জলপথে ছড়িয়ে পড়তে পারে—এমন পরিস্থিতি আগেভাগে অনুমান করতে ব্যর্থ হওয়ায় ওই রিপাবলিকান সিনেটর মার্কিন সরকারেরও সমালোচনা করেন।

দ্য হিল আরও জানায়, কংগ্রেসের প্রতিরক্ষা নীতিনির্ধারণী মহলের সঙ্গে ঘনিষ্ঠ এক রিপাবলিকান সিনেটরও স্বীকার করেছেন যে, মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে হেগসেথ সমর্থন হারাচ্ছেন এবং এ নিয়ে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হেগসেথের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে অবসরে যেতে বাধ্য করার সিদ্ধান্ত নিয়েও রিপাবলিকান সিনেটরদের উদ্বেগ রয়েছে। তাদের মধ্যে ইউরোপে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার ক্রিস ডোনাহুও রয়েছেন। দ্য হিলের মতে, ট্রাম্পের প্রাথমিক পূর্বাভাসের বিপরীতে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় হতাশা বাড়ছে। ট্রাম্প মার্চে দাবি করেছিলেন, যুদ্ধ মাত্র চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হবে।

রিপাবলিকান সিনেটররা সতর্ক করেছেন, ট্রাম্পের পছন্দের প্রক্রিয়ায় সামরিক বাজেট অনুমোদনের জন্য এখন পর্যাপ্ত রিপাবলিকান সমর্থন নাও থাকতে পারে। ফলে বাজেট পাস করতে ডেমোক্র্যাটদের ফিলিবাস্টার ভাঙার জন্য বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে।#

 

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।