গুলেনকে ফেরত না দেয়ায় ধৈর্যহারা হয়ে পড়ছেন এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i16285-গুলেনকে_ফেরত_না_দেয়ায়_ধৈর্যহারা_হয়ে_পড়ছেন_এরদোগান
আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে আংকারার কাছে ফেরত না দেয়ায় ধৈর্যহারা হয়ে পড়ছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার জন্য এরদোগান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গুলেনকে অভিযুক্ত করে আসছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০১৬ ১০:৫৫ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে আংকারার কাছে ফেরত না দেয়ায় ধৈর্যহারা হয়ে পড়ছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার জন্য এরদোগান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গুলেনকে অভিযুক্ত করে আসছেন।

মেক্সিকোর ‘তেলেভিজিয়া গ্রুপ’কে এরদোগান বলেন, “যে সন্ত্রাসীকে ফেরত চাইছি তাকে না পেয়ে আমরা এ মুহূর্তে এক ধরনের জটিলতা মোকাবেলা করছি।” তিনি আরো বলেন, “সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে আমাদের সময় নষ্ট করার সুযোগ নেই; ছয় মাস কিংবা এক বছর সেটি নিতান্তই অসহ্যকর।”

গতকাল (মঙ্গলবার) দেয়া সাক্ষাৎকারে এরদেগোন ন্যাটো জোটের মিত্র দেশ আমেরিকার বিষয়ে বেশ শক্ত ও কঠোর শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি মার্কিন প্রশাসনের বিষয়ে তার অধৈর্য ফুটে উঠেছে। আমেরিকাকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা যদি কোনো সন্ত্রাসীকে ফেরত চাই তবে আপনার উচিত সেই দাবি পূরণ করা।”

সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তুর্কি সরকার গুলেনকে ফেরত চাইলেও আমেরিকা বলে আসছে, সেনা অভ্যুত্থানে জড়িত থাকার বিষয়ে আংকারা সুনির্দিষ্ট এবং সঠিক প্রমাণাদি সরবরাহ করলেই কেবল গুলেনকে হস্তান্তর করা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩