ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ: আমেরিকানদের জন্য এর দৃশ্যমান ও অদৃশ্য পরিণতি
https://parstoday.ir/bn/news/world-i162918-ইরানের_বিরুদ্ধে_মার্কিন_যুদ্ধ_আমেরিকানদের_জন্য_এর_দৃশ্যমান_ও_অদৃশ্য_পরিণতি
পার্সটুডে-ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের মূল্যায়ন শুধু সামরিক অভিযানের সরাসরি ব্যয়, গোলাবারুদ কেনা বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির ভিত্তিতে করা যায় না।
(last modified 2026-09-08T14:51:03+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৬ ১৭:৩০ Asia/Dhaka
  • আমেরিকানদের জন্য যুদ্ধের পরিণতি
    আমেরিকানদের জন্য যুদ্ধের পরিণতি

পার্সটুডে-ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের মূল্যায়ন শুধু সামরিক অভিযানের সরাসরি ব্যয়, গোলাবারুদ কেনা বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির ভিত্তিতে করা যায় না।

এই যুদ্ধের কারণে মার্কিন জনগণের ওপর দৃশ্যমান ও অদৃশ্য-দুই ধরনেরই ব্যাপক প্রভাব পড়ছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এর প্রকৃত ব্যয়ের একটি বড় অংশ পরোক্ষভাবে মার্কিন সমাজের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, পরিবারের ক্রয়ক্ষমতা হ্রাস এবং সরকারি ব্যয় বৃদ্ধির মাধ্যমে এই ব্যয়ের বোঝা সাধারণ মানুষের ওপর পড়ছে।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক হিসাব, যার উল্লেখ অ্যাক্সিওসের প্রতিবেদনে রয়েছে, যুদ্ধের এই অদৃশ্য ব্যয়ের একটি চিত্র তুলে ধরেছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত মার্কিন ভোক্তাদের ওপর প্রায় ১০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত ব্যয় চাপানো হয়েছে এবং এই অঙ্ক দ্রুত বাড়ছে। অর্থাৎ, সরাসরি যুদ্ধে অংশ না নেওয়া একজন মার্কিন নাগরিকও গাড়িতে জ্বালানি নেওয়া, খাদ্য কেনা কিংবা পরিবহন ব্যয় পরিশোধের সময় যুদ্ধের মূল্য অনুভব করতে পারেন।

মার্কিন অর্থনীতিতে জ্বালানির গুরুত্বের কারণে তেল ও গ্যাসের বাজারে দীর্ঘস্থায়ী যেকোনো বিঘ্ন শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না। বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধি গুরুত্বপূর্ণ, কারণ পণ্য পরিবহনের বিপুলসংখ্যক ট্রাক, কৃষিযন্ত্র এবং সরবরাহ ও লজিস্টিকস কার্যক্রম ডিজেলের ওপর নির্ভরশীল।

ফলে ডিজেলের দাম বাড়লে প্রথমে পণ্য পরিবহনের ব্যয় বাড়ে। এরপর সেই অতিরিক্ত ব্যয় খাদ্য, ভোগ্যপণ্য ও বিভিন্ন সেবার চূড়ান্ত মূল্যে যুক্ত হয়। কৃষককে উৎপাদন ও ফসল কাটতে বেশি অর্থ ব্যয় করতে হয়, ট্রাকচালককে পণ্য পরিবহনে বেশি খরচ করতে হয় এবং দোকানকেও বেশি দামে পণ্য কিনতে হয়। এভাবে যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরেও একটি মূল্যবৃদ্ধির চক্র তৈরি হতে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত মার্কিন পরিবারের বাজারের ঝুড়িতে গিয়ে পড়ে।

তাই যুদ্ধের প্রকৃত ব্যয় শুধু ওই ১০০ বিলিয়ন ডলারেই সীমাবদ্ধ নয়। এটি জ্বালানি বাজারে সৃষ্ট বিঘ্নের দৃশ্যমান ব্যয়ের একটি অংশ মাত্র। এর পাশাপাশি মূল্যস্ফীতি বৃদ্ধি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর চাপসহ দ্বিতীয় পর্যায়ের প্রভাব আরও ব্যাপক হতে পারে।

যদি যুদ্ধের কারণে তেল সরবরাহ দীর্ঘমেয়াদে কমে যায় অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যুদ্ধ শেষ হলেও জ্বালানির দাম দ্রুত আগের অবস্থায় ফিরে নাও আসতে পারে।

এর পাশাপাশি যুদ্ধের সরাসরি সামরিক ব্যয়ও বিপুল। যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক অভিযানের অর্থ হলো বিপুল পরিমাণ প্রতিরোধী ও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র, নির্ভুল নিশানাভেদী বোমা, জ্বালানি, খুচরা যন্ত্রাংশ ও সহায়ক সরঞ্জাম ব্যবহার। কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধবিমান ধ্বংস না হলেও অভিযানে ব্যবহৃত গোলাবারুদ পুনরায় কিনতে হবে এবং সামরিক মজুত পুনর্গঠন করতে হবে।

যুদ্ধের কারণে সামরিক ঘাঁটি, যোগাযোগকেন্দ্র, বিমান বা অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলে সেগুলো মেরামত বা প্রতিস্থাপন করতেও প্রতিরক্ষা বাজেট থেকে বিপুল অর্থ ব্যয় করতে হবে।

এটি গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট সীমাহীন নয়। ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণে অতিরিক্ত যে অর্থ ব্যয় হবে, তা নৌবাহিনীর আধুনিকায়ন, সামরিক প্রযুক্তির উন্নয়ন, সেনাদের প্রশিক্ষণ কিংবা অন্যান্য হুমকি মোকাবিলায় ব্যবহারের জন্য নির্ধারিত অর্থ কমিয়ে দিতে পারে। তাই যুদ্ধের প্রকৃত ব্যয় হিসাব করতে তাৎক্ষণিক ব্যয়ের পাশাপাশি ‘সুযোগ ব্যয়’ বিবেচনায় নেওয়াও জরুরি।

সম্ভবত যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়গুলোর একটি এমন, যা পেন্টাগনের হিসাবের খাতায় সরাসরি দেখা যায় না। জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে এবং তা রাজনৈতিক ইস্যুতেও পরিণত হতে পারে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা গেছে, জ্বালানির দাম এমন একটি বিষয় যা সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে সরাসরি অনুভব করে। ফলে যুদ্ধ যত দীর্ঘ হবে, সরকারের ঘোষিত যুদ্ধের লক্ষ্য এবং সাধারণ মানুষকে বহন করতে হওয়া দৈনন্দিন ব্যয়ের মধ্যকার ব্যবধান তত বেশি রাজনৈতিক গুরুত্ব পেতে পারে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ কোম্পানিগুলোকে বীমা ব্যয় বাড়ানো, বাণিজ্যিক রুট পরিবর্তন এবং বিনিয়োগে আরও সতর্ক হতে বাধ্য করতে পারে। এর ফলে অর্থনীতিতে আস্থার সংকট তৈরি হতে পারে, যা আনুষ্ঠানিক মন্দা না এলেও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমঝোতা হলেই ইরান যুদ্ধের ব্যয় শেষ হবে না। ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামো পুনর্নির্মাণ, ধ্বংস বা ব্যবহৃত বিমান ও গোলাবারুদ প্রতিস্থাপন, অস্ত্রের মজুত পুনরায় পূরণ এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করতে কয়েক বছর লেগে যেতে পারে।

জ্বালানি খাতেও উৎপাদন সক্ষমতা পুনর্গঠন এবং বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে। ফলে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘দীর্ঘমেয়াদি আর্থিক বোঝা’ তৈরি করতে পারে, যার একটি অংশ ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়তে পারে।

সামগ্রিকভাবে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মার্কিন ব্যয়কে তিনটি পরস্পর-সম্পর্কিত স্তরে দেখা যায়-সরাসরি সামরিক ব্যয়, জ্বালানি ও মূল্যস্ফীতিজনিত অর্থনৈতিক ব্যয় এবং সম্পদ ক্ষয় ও অনিরাপত্তা বৃদ্ধিজনিত কৌশলগত ব্যয়।

ওয়াশিংটনের আর্থিক ও সামরিক সক্ষমতা এ ধরনের ব্যয় বহনের জন্য যথেষ্ট হলেও মূল প্রশ্ন হলো, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর ব্যয়ের বোঝা ধীরে ধীরে সরকারের কাছ থেকে পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শেষ পর্যন্ত পুরো মার্কিন অর্থনীতির ওপর স্থানান্তরিত হবে কি না।

তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ যত দীর্ঘ হবে, এর সামরিক সাফল্যের প্রশ্নের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আসবে-যুদ্ধ থেকে সম্ভাব্য অর্জন কি মার্কিন জনগণের বহন করা অর্থনৈতিক, সামাজিক ও কৌশলগত মূল্যের তুলনায় যথেষ্ট?
পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।