ফ্রান্সের পর স্পেনেও বিক্ষোভ, মাদ্রিদে ৬৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী ধর্মঘটে
-
স্পেনেও বিক্ষোভ
পার্সটুডে- স্পেনের রাজধানী মাদ্রিদে হাজার হাজার শিক্ষক, স্কুলশিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বড় সমাবেশের মাধ্যমে ধর্মঘট ও ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন।
ইরনা'র বরাতে পার্সটুডে জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে আনুমানিক ৬৫ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা শিক্ষকদের বেতন বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস এবং স্কুলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন।
মাদ্রিদের কমপ্লুতেন্সে বিশ্ববিদ্যালয় ও রে হুয়ান কার্লোস বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিবন্ধকতা তৈরি করে শিক্ষা কার্যক্রম ব্যাহত করেন। পুলিশ দাঙ্গা দমনকারী বাহিনী দিয়ে এসব প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ‘সিউদাদ ইউনিভার্সিতারিয়া’ বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্পেনের কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।
বামপন্থী রাজনীতিকেরা পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।
শিক্ষক ও কর্মচারীদের ট্রেড ইউনিয়নগুলোর দাবি, মাদ্রিদ অঞ্চলের সরকারি শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে বাজেটের ঘাটতি ও জনবলসংকটে ভুগছে। তাদের দাবির মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং শিশুযত্নকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা।
এ ছাড়া শিক্ষক ও কর্মীরা মাসিক নিট বেতন ৬০০ ইউরো বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের যুক্তি, মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে এবং স্পেনের অন্যান্য অঞ্চলের শিক্ষকদের বেতনের কাছাকাছি যেতে তাদের বেতন আরও বাড়ানো প্রয়োজন।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।