তিরানায় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন: কাঁদানে গ্যাস ছুড়ল আলবেনিয়ার পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i163960-তিরানায়_বিক্ষোভকারীদের_ওপর_দমন_পীড়ন_কাঁদানে_গ্যাস_ছুড়ল_আলবেনিয়ার_পুলিশ
পার্সটুডে: আলবেনিয়ার রাজধানী তিরানায় দাঙ্গা পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষে ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং ৩৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
(last modified 2026-10-15T10:04:18+00:00 )
অক্টোবর ১৫, ২০২৬ ১৪:৫১ Asia/Dhaka
  • তিরানায় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন
    তিরানায় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন

পার্সটুডে: আলবেনিয়ার রাজধানী তিরানায় দাঙ্গা পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষে ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং ৩৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। তাঁরা বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির উন্নয়ন এবং দেশটির প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবি জানান। এ সময় দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।

পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। অন্যদিকে, বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে সরকারি দপ্তর ও দোকানপাটে হামলা চালায়। তাঁরা বিভিন্ন ভবনের জানালা ভাঙচুর করে এবং কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভকারীরা অর্থ মন্ত্রণালয়েও হামলা চালায়। তাঁরা রেলিং ব্যবহার করে ভবনটির জানালা ও দরজা ভেঙে ফেলে। তাঁদের কয়েকজন অল্প সময়ের জন্য ভবনটির ভেতরেও প্রবেশ করে।

আলবেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এরভিন দেমো বলেন, তিনি শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো স্বীকার করেন। তবে তিনি সহিংসতার জন্য ‘বিদেশিদের অশুভ উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপকে’ দায়ী করেন।

তিনি বলেন, “যারা বর্তমানে সরকারি ও বেসরকারি সম্পত্তিতে আগুন দিচ্ছে এবং সেগুলো ধ্বংস করছে, তাদের বলছি- অনেক দেরি হয়ে যাওয়ার আগেই পিছু হটুন।”

তিরানায় বিক্ষোভে সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগগুলো দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি উত্তেজনা কমাতে ‘সব পক্ষের’ প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।

প্রাথমিকভাবে আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল পর্যটন প্রকল্প নির্মাণের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছিল। তবে প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বিক্ষোভটি এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।