গুলেন সবার জন্য হুমকি: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i16519-গুলেন_সবার_জন্য_হুমকি_এরদোগান
আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন শুধু তুরস্কের জন্য নয় বরং তিনি যে দেশে অবস্থান করবেন সে দেশের জন্যই হুমকি। এ মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৬ ০৮:২২ Asia/Dhaka
  • নূর সুলতান নাজারবায়েভ (বামে) ও রজব তাইয়্যেব এরদোগান
    নূর সুলতান নাজারবায়েভ (বামে) ও রজব তাইয়্যেব এরদোগান

আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন শুধু তুরস্কের জন্য নয় বরং তিনি যে দেশে অবস্থান করবেন সে দেশের জন্যই হুমকি। এ মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গতকাল (শুক্রবার) কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের সঙ্গে তুরস্কের রাজধানী আংকারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, “গত ১৫ জুলাই রাজনৈতিক ইতিহাসে আমাদের দেশ সবচেয়ে ঘৃণ্য, হঠকারি ও রক্তক্ষয়ী বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। তবে, ব্যর্থ সেনা অভ্যুত্থানের মাধ্যমে গুলেন আন্দোলনের কালো অধ্যায় ও গুপ্ত পরিকল্পনা প্রকাশ পেয়েছে।” এ সময় এরদোগান নিজের দেশের ভেতরে ও বাইরে দৃঢ়ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিকে, আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে গুলেনের আইনজীবী অভিযোগ করেন, তারা গুলেনের ওপর হামলার আশংকা করছেন। গুলেনকে তার পেনসিলভানিয়ার বাড়িতেই রাখার ব্যবস্থা করার জন্য দাবি জানান তিনি। তুর্কি সরকার বলছে, ব্যর্থ সেনা অভ্যুত্থানে গুলেনের হাত রয়েছে এবং তাকে আমেরিকা থেকে বহিষ্কার করতে হবে। গত বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত গুলেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬