জনগণ চাইলে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনা হবে: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i16675-জনগণ_চাইলে_মৃত্যুদণ্ড_ফিরিয়ে_আনা_হবে_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “জনগণ যদি মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি ফিরিয়ে আনতে চায় তবে রাজনৈতিক দলগুলো তাই করতে বাধ্য। জনগণ চাইলে এমন সিদ্ধান্ত নেয়া হবে।”
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৮, ২০১৬ ০৭:৩২ Asia/Dhaka

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “জনগণ যদি মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি ফিরিয়ে আনতে চায় তবে রাজনৈতিক দলগুলো তাই করতে বাধ্য। জনগণ চাইলে এমন সিদ্ধান্ত নেয়া হবে।”

তিনি আরো বলেছেন, “আমি আগেই ঘোষণা করছি- জাতীয় সংসদকে জনগণ যে সার্বভৌমত্ব দিয়েছে সেই সংসদ যদি মৃত্যুদণ্ডের শাস্তি ফিরিয়ে আনার মতো সিদ্ধান্ত নেয় তাহলে সংসদের সিদ্ধান্ত আমি অনুমোদন করব।”

গতকাল (রোববার) ইস্তাম্বুলের মর্মর সাগরের তীরে আয়োজিত বিশাল সমাবেশে এরদোগান এসব কথা বলেন। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি আয়োজিত এ সমাবেশে কয়েক লাখ মানুষ অংশ নেয়।

ইউরোপীয় ইউনিয়নে মৃত্যুদণ্ডের মতো বড় শাস্তি নেই বলে সমালোচকদের দেয়া বক্তব্যের জবাবে এরদোগান বলেন, এ ধরনের শাস্তি আমেরিকায় রয়েছে, চীন-জাপানে রয়েছে; বিশ্বের বেশিরভাগ দেশেই আছে। এসব দেশে থাকলে যদি সমস্যা না হয় তাহলে তুরস্কেও থাকতে পারে। এছাড়া, তুরস্কের ১৯৮৪ সাল পর্যন্ত মৃত্যুদণ্ডের বিধান ছিল।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের বিষয়ে এ মুহূর্তে তুরস্ক ও ইইউ’র মধ্যে আলোচনা চলছে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল করলে সে প্রক্রিয়া বাতিল করা উচিত বলে সদস্য দেশগুলো মতামত দিচ্ছে।

গতকালের সমাবেশে এরদোগান আবারো গুলেন মুভমেন্টের সদস্যদের বিষয়ে বলেছেন, গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানে তারা জড়িত ছিল এবং তাদেরকে এ জন্য মূল্য দিতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮