অবশেষে পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠক: ‘এখনই বাণিজ্য নয়’
https://parstoday.ir/bn/news/world-i16840-অবশেষে_পুতিনের_সঙ্গে_এরদোগানের_বৈঠক_এখনই_বাণিজ্য_নয়’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেষ পর্যন্ত বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ (মঙ্গলবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এ বৈঠক হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে দু নেতা বক্তব্য রাখেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৬ ২০:৫৮ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে পুতিন (ডানে) এবং এরদোগান
    সংবাদ সম্মেলনে পুতিন (ডানে) এবং এরদোগান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেষ পর্যন্ত বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ (মঙ্গলবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এ বৈঠক হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে দু নেতা বক্তব্য রাখেন।

এতে প্রেসিডেন্ট পুতিন বলেন, তুরস্কের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য এখনো পরিশ্রম করতে হবে। ২০১৫ সালের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমায় তুরস্কের সামরিক বাহিনী একটি রুশ বোমারু বিমান ভূপাতিত করার পর এই প্রথম দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য পুতিন ও এরদোগান বৈঠক করলেন।

যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, তুরস্ক এবং রাশিয়ার জন্য সংকট তৈরির আগের অবস্থায় যাওয়াটা জরুরি। তবে দু দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা শুরু হতে আরো পরিশ্রম করতে হবে। সে প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে তবে এখনো কিছু সময় লাগবে।

সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনা ছিল “পূর্ণাঙ্গ এবং লাভজনক”। তিনি জানান, মস্কো ও আংকারা বার্ষিক বাণিজ্যিক লেনদেন ১০ হাজার কোটি ডলারে নিতে চায়।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে দু নেতার বৈঠককে “খুবই ফলপ্রসূ” বলে মন্তব্য করেন।

সিরিয়া সংকট প্রসঙ্গে পুতিন বলেন, দেশটির চলমান সংকট নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যকার মতপার্থক্য দূর করা সম্ভব।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯