ইউক্রেন যুদ্ধে চার ফ্রন্টে হামলা হ্রাসের প্রস্তাব পেয়েছি: পুতিন
https://parstoday.ir/bn/news/event-i160868-ইউক্রেন_যুদ্ধে_চার_ফ্রন্টে_হামলা_হ্রাসের_প্রস্তাব_পেয়েছি_পুতিন
পার্সটুডে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চারটি অঞ্চলে সীমাবদ্ধ রাখার একটি প্রস্তাব মস্কো পেয়েছে।
(last modified 2026-06-29T12:49:43+00:00 )
জুন ২৯, ২০২৬ ১৮:২৮ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পার্সটুডে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চারটি অঞ্চলে সীমাবদ্ধ রাখার একটি প্রস্তাব মস্কো পেয়েছে।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন জানান, রাশিয়া খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানস্ক—এই চারটি ফ্রন্টে বিশেষ সামরিক অভিযান সীমিত রাখার প্রস্তাব পেয়েছে।

ইউক্রেনের ড্রোন হামলা বৃদ্ধি এবং এর জবাবে রাশিয়ার পাল্টা হামলার প্রসঙ্গে পুতিন বলেন, নতুন প্রস্তাবে আরও বলা হয়েছে যে, উভয় পক্ষই যেন একে অপরের ভূখণ্ডের গভীরে দূরপাল্লার হামলা চালানো থেকে বিরত থাকে।

তবে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের ভেতরে বেশ গভীরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাহিনীর পাল্টা হামলাগুলো শত্রুপক্ষের হামলার তুলনায় “অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সংবেদনশীল প্রভাব ফেলে।” তাঁর মতে, ইউক্রেনের হামলাগুলোর উদ্দেশ্য মূলত মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়া।

পুতিন বলেছেন, “আমরা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সীমিত লক্ষ্য নিয়ে বিশেষ বাহিনীর মাধ্যমে আমাদের বিরুদ্ধে আকস্মিক নাশকতামূলক হামলা চালানোর চেষ্টা করতে পারে। শত্রুপক্ষের ধারণা, এগুলো আমাদের জন্য অপ্রত্যাশিত হবে এবং এর মাধ্যমে তারা আমাদের মনোযোগ ও শক্তিকে মূল লক্ষ্য—দোনবাস  ও নোভোরোসিয়ার পূর্ণ মুক্তি—থেকে সরিয়ে দিতে চায়।”

তিনি আরও বলেছেন, “এই প্রস্তাব কেন দেওয়া হচ্ছে, তা স্পষ্ট। কারণ ইউক্রেনের গভীরে আমাদের পাল্টা হামলাগুলো অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কার্যকর এবং সত্যি বলতে অনেক বেশি ধ্বংসাত্মক।”

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে পুতিন বলেছেন, ইউক্রেনের হামলার ফলে সৃষ্ট জ্বালানি সরবরাহ সমস্যার সঙ্গে রাশিয়ার জনগণ ভালোভাবেই মানিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেছেন, বিশেষ করে তেল শিল্পকে টার্গেট-করা ইউক্রেনের ড্রোন হামলা মোকাবিলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি।

বেলারুশে সীমান্তবর্তী সিগন্যাল রিলে স্টেশন ধ্বংস করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হুমকিকে পুতিন “উদ্বেগজনক” বলে উল্লেখ করেছেন।

তবে তিনি বলেছেন, “এতে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যে কোনও ধরনের আতঙ্ক সৃষ্টি হয়নি। তিনি অত্যন্ত শান্ত, ভারসাম্যপূর্ণ ও বিচক্ষণভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন।”

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার প্রসঙ্গে পুতিন বলেন, কূটনৈতিক যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ‘উত্তপ্ত পর্ব’ শেষ হলে মার্কিন প্রতিনিধিদের আগমনের অপেক্ষায় রয়েছে ক্রেমলিন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মস্কোর প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, গত বছর আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংকট সমাধানের সম্ভাব্য বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছিলেন, যদিও তখন কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি।

পুতিন বলেন, “আমরা ইউক্রেন সংঘাতের অবসানের কিছু সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেছিলাম। মার্কিন আলোচকরা যে আপসের প্রস্তাব দিয়েছিলেন, তা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছিল। আমরা তাতে সম্মতি দিয়েছিলাম।”

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। মস্কোর দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ-ভাষী এলাকায় ন্যাটোর অগ্রযাত্রা এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান শুরু করা হয়। #

পার্স টুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।