আমেরিকায় জন্মহার সবচেয়ে নীচে নেমে গেছে
আমেরিকায় মানবশিশু জন্মের হার সর্বনিম্ন পর্যায় নেমে এসেছে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি’র সর্বশেষ প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে দেশটিতে প্রতি এক হাজার নারী ৫৯.৮ শিশু জন্ম দিয়েছেন। এ হিসাব অনুযায়ী সন্তান ধারণে সক্ষম প্রতি ১০০ মার্কিন নারীর মধ্যে ছয় জনের কম সন্তান জন্ম দিয়েছেন।
১৯০৯ সাল থেকে আমেরিকায় জন্মহার সংক্রান্ত তথ্য রাখা শুরু হয়। তখন থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে জন্মহার ক্রমেই কমছে। ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতি ১০০০ নারী ১২৬.৪ শিশু জন্ম দিয়েছিলেন।
এ হিসাবে আরো দেখা গেছে, আমেরিকার নারীদের মধ্যে দেরি করে সন্তান নেয়ার প্রবণতা বাড়ছে। ফলে সন্তান জন্মদান বিষয়ক সমস্যাও পাল্লা দিয়ে বাড়ছে। ২০০৭ সালের পর থেকে আমেরিকায় জন্মহার দিন দিন কমছে। প্রতিবেদনে অর্থনৈতিক মন্দাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, মন্দার কারণে মার্কিন পরিবারগুলোতে সন্তানের জন্য প্রয়োজনীয় সম্পদে টান পড়েছে।
জন্মহার কমে যাওয়ার এ প্রবণতার পেছনে আরো অনেক কারণ থাকতে পারে বলে উল্লেখ করে সিডিসি বলেছে, এ সব কারণ হয়ত মার্কিন চিকিৎসক সম্প্রদায়ের নজর এড়িয়ে গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১১