লুইজিয়ানায় ইতিহাসের ভয়াবহ বন্যা: এ পর্যন্ত নিহত ১১
https://parstoday.ir/bn/news/world-i17443-লুইজিয়ানায়_ইতিহাসের_ভয়াবহ_বন্যা_এ_পর্যন্ত_নিহত_১১
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্য। বন্যায় এ পর্যন্ত ১১ জন মারা গেছে এবং রাজ্যের ৪০ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৭, ২০১৬ ০৯:১৩ Asia/Dhaka
  • আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্যা
    আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্যা

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্য। বন্যায় এ পর্যন্ত ১১ জন মারা গেছে এবং রাজ্যের ৪০ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড গতকাল (মঙ্গলবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কেন্দ্রীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ পর্যন্ত ৪০ হাজার মানুষকে দুর্গত বলে নিবন্ধন করেছে এবং এর মধ্যে ৩০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। এডওয়ার্ড বলেন, “আমরা নজিরবিহীন বন্যা দেখছি; বানের পানি এখন দক্ষিণ লুইজিয়ানার দিকে ধাবিত হচ্ছে।”

গতকাল পর্যন্ত বেশ কিছু এলাকার পানি কমতে শুরু করলেও দক্ষিণে পানি বেড়েই চলেছে। কেন্দ্রীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, লুইজিয়ানার অন্তত ২০টি কাউন্টি বন্যার কবলে পড়েছে। তবে এর মধ্যে অ্যাসেনশন কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কাউন্টির প্রায় এক-তৃতীয়াংশ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ কাউন্টি কতটা ঝুঁকির মুখে রয়েছে তা পরিষ্কার হবে বলে রিক ওয়েবার নামে এক কর্মকর্তা জানিয়েছেন।  

এদিকে, লিভিংস্টোন কাউন্টিতে এক লাখ ৩৮ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭