মধ্যপ্রাচ্যে সামরিক নয়, শান্তি অভিযান শুরু করুন: গ্রিন পার্টির প্রার্থী
-
গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন
মার্কিন নির্বাচনের গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশ সন্ত্রাসবাদে উসকানি দিচ্ছে সেসব দেশের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করুন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের পরিবর্তে শান্তি অভিযান শুরু করার আহ্বান জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ দায়েশসহ উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে আর এসব সন্ত্রাসী গোষ্ঠীর বেশিরভাগই আমেরিকা ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশের পৃষ্ঠপোষকতা পাচ্ছে।
মার্কিন নির্বাচনের তৃতীয় ধারার প্রার্থী স্টেইন পেশায় একজন ডাক্তার ও শান্তিকর্মী। তিনি মধ্যপ্রাচ্যে শান্তির জন্য মার্কিন সরকারকে বোমাবর্ষণ ও গোলাগুলি বাদ দিয়ে নতুন ধরনের শান্তি অভিযান শুরুর আহ্বান জানান। তিনি বলেন, বোমা মেরে ও গুলি চালিয়ে শান্তি আসবে না। বোমাবর্ষণ ও গোলাগুলি শুধু সন্ত্রাসবাদকে উসকে দেবে এবং দুঃখ-কষ্ট ও অভাব-অনটন মানুষকে সন্ত্রাসবাদের দিকে ঠেলে দেয়।
জিল স্টেইন বলেন, দায়েশ সন্ত্রাসীরা আমেরিকার বিরুদ্ধে এখনো কোনো হুমকি সৃষ্টি করে নি; ফলে তাদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান বন্ধ করা উচিত।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮