আবারো আগাম পরমাণু হামলার হুমকি দিল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া আজ(সোমবার) আবারো আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আগাম পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনাবাহিনী কোরিয়ান পিপলস আর্মি বা কেপিএ’র জেনারেল স্টাফ এ হুমকি দিয়েছে। এতে বলা হয়েছে, সামান্যতম উসকানি দেয়া হলে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আগাম পরমাণু হামলা চালানো হবে।
এদিকে, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া দু’সপ্তাহব্যাপী সামরিক মহড়া শুরুর আগে নতুন করে এ হুমকি দেয়া হলো। মহড়ায় কম্পিউটারে উত্তর কোরিয়ায় হামলা চালানোর কৃত্রিম দৃশ্য ফুটিয়ে তুলে দু’দেশের সেনাবাহিনী অনুশীলন চালাবে। উলচি ফ্রিডম গার্ডিয়ান নামের মহড়ায় ৫০ হাজার কোরিয় এবং ৩০ হাজার মার্কিন সেনা অংশ নেবে।
১৫ দিনের কম সময়ের মধ্যে দ্বিতীয় বার এমন হুমকি দিল উত্তর কোরিয়া । এর আগে আমেরিকা আগ্রাসন চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে পিয়ংইয়ং বলেছিল, সামান্যতম উসকানি দিলে জবাবে পরমাণু হামলা চালানো হবে। এতে আরো বলা হয়েছিল, আমেরিকারই কেবল আগাম পরমাণু হামলা চালানোর একচ্ছত্র অধিকার রয়েছে ভাবলে ভুল হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২২