বৈরী রোবট সেনাদলের হাতে মার্কিন সেনাবাহিনীর পতন ঘটতে পারে!
বৈরী রোবট সেনাদলের হাতে মার্কিন সেনাবাহিনীর পতন ঘটতে পারে। মার্কিন ডিফেন্স সায়েন্স বোর্ড এ আশংকা ব্যক্ত করেছে। এতে বলা হয়েছে, যুদ্ধ পরিচালনার নীতি অব্যাহত ভাবে বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমৃদ্ধ রোবট সেনা এবং রোবট গোয়েন্দা বাহিনী ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মার্কিন ডিফেন্স সায়েন্স বোর্ড বলছে, এ অবস্থা সত্ত্বেও উচ্চ-প্রযুক্তির রণক্ষেত্র পরিচালনার ক্ষেত্রে আমেরিকা বিপজ্জনক ভাবে পিছিয়ে পড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, গত এক দশক আগে রণকৌশল নির্ধারণের ক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার ব্যাপক হয়ে উঠলেও আমেরিকা একে গুরুত্বের সঙ্গে নেয় নি।
গত কয়েক বছরে এটা পরিষ্কার হয়ে গেছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে সাইবার এবং ইলেক্ট্রনিক যুদ্ধের জন্য অনেক দেশ প্রযুক্তি এবং রণ-দক্ষতা তৈরি করছে। কিংবা সহজেই এমনটি করতে পারবে।
অবশ্য আমেরিকা সাইবার হামলার বিষয়কে গুরুত্ব দিলেও এ জাতীয় হামলা প্রতিহত করা বা সাইবার প্রতিরক্ষার বিষয়কে বিশেষ গুরুত্বের সঙ্গে নেয় নি।
প্রতিবেদনে আমেরিকাকে এ অবস্থা কাটিয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে এ সংক্রান্ত তৎপরতা জোরদার করার কথা বলা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩১