উসকানি বন্ধ করুন: উত্তর কোরিয়াকে পুতিন
-
ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্য রাখছেন পুতিন
উত্তর কোরিয়াকে উসকানিমুলক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে তিনি বলেছেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ সংক্রান্ত জাতিসংঘের আইন মেনে চলতে হবে।
রাশিয়ার দূরপ্রাচ্যের বন্দরনগরী ভ্লাদিভসতকে শনিবার ইস্টার্ন ইকোনমিক ফোরামে দেয়া বক্তৃতায় পুতিন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের যোগাযোগের ‘অনেকগুলো চ্যানেল’ রয়েছে। দেশটির চলমান পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে মস্কো এসব চ্যানেল ব্যবহার করবে বলে তিনি আশ্বাস দেন।
কমিউনিস্ট শাসনাধীনে থাকা উত্তর কোরিয়াকে রাশিয়ার আঞ্চলিক মিত্র বলে মনে করা হয়। ইস্টার্ন ইকোনমিক ফোরামে পুতিন আরো বলেন, রাশিয়া বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তারের বিরোধী।
এ ছাড়া, ফোরামের অবকাশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিওন-হাই’র সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় তিনি কোরিয় উপদ্বীপে উত্তেজনা কমাতে দুই কোরিয়ার প্রতি আহ্বান জানান। পুতিন বলেন, উত্তেজনা বাড়তে পারে এমন যেকোনো আচরণ ও কথাবার্তা থেকে দু’পক্ষকে বিরত থাকতে হবে।
সাক্ষাতে আমেরিকার মিত্র হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গিওন-হাই জানান, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সংক্রান্ত সংকট নিরসনে তার দেশের সঙ্গে ‘কৌশলগত যোগাযোগ’ বাড়াতে সম্মত হয়েছেন পুতিন।
সাম্প্রতিক সময়ে একাধিক পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিশেষ করে দেশটি গতমাসে সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পশ্চিমা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। সেইসঙ্গে আমেরিকার বিরুদ্ধে আগাম পরমাণু হামলার হুমকি দেয় পিয়ংইয়ং যা কোরিয় উপদ্বীপের চলমান উত্তেজনাকে তুঙ্গে নিয়ে যায়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪