‘সিরিয়ার ভেতর কৃত্রিম রাষ্ট্র মানবে না তুরস্ক’
https://parstoday.ir/bn/news/world-i19213-সিরিয়ার_ভেতর_কৃত্রিম_রাষ্ট্র_মানবে_না_তুরস্ক’
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার ভেতরে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের তৈরি একটি ‘কৃত্রিম রাষ্ট্র’ কখনোই মেনে নেবে না তুরস্ক। তিনি আরো বলেছেন, এমনকি আমেরিকা-সমর্থিত কুর্দি জঙ্গি গোষ্ঠী ওয়াইপিজিকেও তুরস্কের সীমান্তে ‘নকল’ কোনো রাষ্ট্র তৈরির অনুমতি দেয়া হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০২:১৪ Asia/Dhaka
  • তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম
    তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার ভেতরে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের তৈরি একটি ‘কৃত্রিম রাষ্ট্র’ কখনোই মেনে নেবে না তুরস্ক। তিনি আরো বলেছেন, এমনকি আমেরিকা-সমর্থিত কুর্দি জঙ্গি গোষ্ঠী ওয়াইপিজিকেও তুরস্কের সীমান্তে ‘নকল’ কোনো রাষ্ট্র তৈরির অনুমতি দেয়া হবে না।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির শহরে রোববার এক বক্তৃতায় ইলদিরিম বলেন, দেশের সীমান্ত রক্ষা, তুর্কি জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং সিরিয়ার অখণ্ডতা রক্ষার জন্য সেদেশে সেনা পাঠিয়েছে আঙ্কারা।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান চীনে অনুষ্ঠানরত জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে একটি ‘সন্ত্রাসী করিডোর’ প্রতিষ্ঠার অনুমতি তার দেশ দেবে না। তিনি বলেন, “কেউ যেন এ আশা না করে যে, উত্তর সিরিয়ায় আমাদের সীমান্ত জুড়ে আমরা একটি জঙ্গি করিডোর তৈরির অনুমতি দেব।”

সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলমান সংঘাতে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে শুরু থেকেই পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল তুরস্ক। সারাবিশ্ব থেকে সন্ত্রাসীদের সিরিয়ায় অনুপ্রবেশের নিরাপদ রুট ছিল তুরস্ক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আঙ্কারা সন্ত্রাসীদের সিরিয়ায় প্রবেশের সুযোগ করে দিয়েছিল।

কিন্তু তুর্কি সরকার এখন দাবি করছে, তারা সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনের জন্য দেশটিতে সেনা পাঠিয়েছে। গত ২৪ আগস্ট বিমান বাহিনীর ছত্রছায়ায় সিরিয়ার উত্তরাঞ্চলে স্থলসেনা পাঠিয়েছে তুরস্ক। আঙ্কারা এ অভিযানের নাম দিয়েছে অপারেশন ইউফ্রেটিস শিল্ড।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫