ইতালির সমুদ্রসীমায় সফর করতে ইরানি নৌবাহিনীকে আমন্ত্রণ
-
ইরানি নৌবাহিনীর প্রধানের সঙ্গে ইতালির সামরিক প্রতিনিধিদলের সাক্ষাৎ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীকে ইতালির সমুদ্রসীমা ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছে দেশটির একটি সামরিক প্রতিনিধিদল। ইরান সফরে এসে প্রতিনিধিদলটি ইরানি নৌবাহিনীকে এ আমন্ত্রণ জানায়। ইরান সফরের সময় প্রতিনিধিদলটি ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে।
রিয়ার অ্যাডমিরাল রবার্তো চিয়া মারসেলার নেতৃত্বে ইতালির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ইরান সফর করে। গতকাল (সোমবার) প্রতিনিধিদলের সদস্যরা ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারির সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
রবার্তো মারসেলা বলেন, “শিগগিরি আমরা দেখব যে, ইরানি নৌবাহিনীর কার্যক্রম দেখতে দক্ষিণাঞ্চলীয় বন্দরে নোঙর ফেলেছে ইতালির নৌবাহিনী।” তিনি আশা করেন, এই সফর এবং বৈঠক ইরান ও ইতালির সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে। অ্যাডমিরাল সাইয়্যারিও ভূমধ্যসাগরে ইতালির গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬