আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে তালেবান হামলা; নিহত ২ আহত ৮০
https://parstoday.ir/bn/news/world-i25357-আফগানিস্তানে_জার্মান_কনস্যুলেটে_তালেবান_হামলা_নিহত_২_আহত_৮০
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের জার্মান কনস্যুলেট লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত দুইজন নিহত ও অর্ধ-শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৬ ০৩:১৬ Asia/Dhaka
  • জার্মান কনস্যুলেটে গাড়িবোমা হামলার পর মুহূর্তের ছবি
    জার্মান কনস্যুলেটে গাড়িবোমা হামলার পর মুহূর্তের ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের জার্মান কনস্যুলেট লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত দুইজন নিহত ও অর্ধ-শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রাদেশিক রাজধানী মাজারি শরিফে অবস্থিত কনস্যুলেট ভবনের দেয়ালে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি আঘাত হানে। এ সময় শক্তিশালী বিস্ফোরণে দু’জন নিহত ও ৮০ জন আহত হয়। বিস্ফোরণের প্রচণ্ডতায় আশপাশের ভবনগুলোর জানালার কাঁচ ভেঙে যায়।

কোনো কোনো সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পর কয়েকজন সশস্ত্র জঙ্গি কনস্যুলেট ভবনে ঢুকে পড়ে এলোপাথারি গুলি চালায়। হতাহতদের মধ্যে কোনো জার্মান নাগরিক রয়েছে কিনা তা জানা যায়নি।

তালেবান জঙ্গিরা এ হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, কুন্দুজ প্রদেশে সাম্প্রতিক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। কুন্দুজ প্রদেশে এ মাসের গোড়ার দিকে ন্যাটো জোটের বিমান হামলায় ৩২ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

আফগানিস্তানে ন্যাটো জোটের সদস্যদেশ জার্মানির প্রায় ১,০০০ সেনা মোতায়েন রয়েছে যাদের বেশিরভাগের অবস্থান বালখ প্রদেশে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১