পুতিন ও ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে ‘ব্যাপক মিল’ আছে: রাশিয়া
-
দিমিত্রি পেসকভ
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতির মধ্যে ‘ব্যাপক মিল’ রয়েছে বলে দাবি করেছে মস্কো। ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার সম্পর্কের উন্নতি হবে বলেও আশা প্রকাশ প্রকাশ করেছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার নিউ ইয়র্ক সফরে গিয়ে এসব মন্তব্য করেন। তিনি বলেন, “ট্রাম্প বলেছেন আমেরিকার স্বার্থ রক্ষা করা হবে তার প্রধান কাজ এবং তিনি যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছেন। পুতিনও ঠিক একই কথা বলেন। তিনিও রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষা করতে চান।”
দিমিত্রি পেসকভ বলেন, পররাষ্ট্র নীতি সম্পর্কে পুতিন ও ট্রাম্পের ধারণা যে কতটা কাছাকাছি তা ভাবলে বিস্মিত হতে হয়। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে সুদীর্ঘকালের গ্লানি দূর করার জন্য তারা দু’জন অন্তত একটা সংলাপ শুরু করতে পারবেন বলে আমরা আশা করছি।”
তবে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক একলাফে শক্তিশালী হবে না বলেও স্বীকার করেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি বলেন, দু’পক্ষের মধ্যে একটি আস্থার সম্পর্ক গড়ে তুলতে বছরের পর বছর সময় লাগবে। প্রেসিডেন্ট পুতিন সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চান বলেও দাবি করেন পেসকভ।
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পেসকভ নিউ ইয়র্ক সফরে গেছেন। ওই চ্যাম্পিয়নশিপে রাশিয়ার প্রতিযোগী সের্গেই কারজাকিন বর্তমান চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস চার্লসেনের সঙ্গে বেশ কয়েকটি খেলায় অংশ নেবেন। খেলাগুলো ১১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১