পাকিস্তান সফরে এরদোগান: নওয়াজের সঙ্গে নানা সহযোগিতা নিয়ে আলোচনা
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফতেউল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি। আজ (বৃহস্পতিবার) ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। এরদোগান জানান, আমেরিকা সমর্থিত ফতেউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্কের সব মিত্র দেশকে সাবধান করে দেয়ার প্রক্রিয়া চলছে।
সংগঠনটির সঙ্গে সম্পর্কযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়ে এরদোগান বলেন, “গুলেনের সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”গতকাল দুদিনের সফরে ইসলামাবাদে পৌঁছান এরদোগান। চলতি বছরের ১৫ জলাই তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর পাকিস্তানে এটাই তার প্রথম সফর।
এদিকে, সম্মেলনে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, “পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক অনন্য ও অতুলনীয়।”পাকিস্তান তুর্কি জনগণের জন্য দ্বিতীয় বাড়ি উল্লেখ করে তিনি বলেন, “আপনারা জানেন, ২০১৭ সালে পাকিস্তান-তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হবে। আমরা এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি।”
পরমাণু সরবরাহকারী দলে (এনএসজি) যোগ দিতে পাকিস্তানের জন্য তুরস্কের আহ্বানের প্রশংসা করে পাক প্রধানমন্ত্রী বলেন, এটি পাকিস্তানের অবস্থানকে আরো মজবুত করতে সহায়তা করবে। তিনি আরো বলেন, “দু দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নির্ধারক হিসেবে কাজ করবে।”দুনেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে কাশ্মিরের উন্নয়ন বিষয়েও আলোচনা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭