একটি কিনুন আরেকটি ফ্রি নিন: ফিলিপাইনকে পুতিন
https://parstoday.ir/bn/news/world-i26575-একটি_কিনুন_আরেকটি_ফ্রি_নিন_ফিলিপাইনকে_পুতিন
ফিলিপাইনের কাছে সব ধরনের সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। মার্কিন সরকার ফিলিপাইনের কাছে পরিকল্পিত অ্যাসাল্ট রাইফেল বিক্রির পরিকল্পনা স্থগিত করে দেয়ার পর মস্কোর কাছ থেকে এ প্রস্তাব পেয়েছে ম্যানিলা।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
নভেম্বর ২৪, ২০১৬ ০৮:২৮ Asia/Dhaka
  • গত শনিবার পেরুতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন দুতের্তে
    গত শনিবার পেরুতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন দুতের্তে

ফিলিপাইনের কাছে সব ধরনের সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। মার্কিন সরকার ফিলিপাইনের কাছে পরিকল্পিত অ্যাসাল্ট রাইফেল বিক্রির পরিকল্পনা স্থগিত করে দেয়ার পর মস্কোর কাছ থেকে এ প্রস্তাব পেয়েছে ম্যানিলা।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে পেরুতে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন থেকে দেশে ফিরে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ওই সম্মেলনে পুতিন তাকে রাশিয়ার কাছ থেকে রাইফেল কেনার প্রস্তাব দিয়েছেন।

গতমাসে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট সদস্য বেন কার্ডিন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, তিনি ফিলিপাইনের কাছে রাইফেল বিক্রির পরিকল্পনার বিরোধিতা করবেন। এরপরই ওই পরিকল্পনা স্থগিত হয়ে যায়।

দুতের্তে বুধবার ম্যানিলায় সাংবাদিকদের জানান, “কার্ডিন আমাদের কাছে রাইফেল বিক্রি করতে চাননি তো কি হয়েছে, পুতিন আমাকে বলেছেন...আপনি আমাদের কাছ থেকে একটি কিনুন আরেকটি বিনামূল্যে নিন, প্রস্তাবটি প্রায় সেরকমই। তিনি বলেছেন, যদি কেউ আপনার কাছে অস্ত্র বিক্রি করতে না চায় তাহলে আমাদের কাছে আসুন।”

গত শনিবার পেরুতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে দুতের্তে অভিযোগ করেন, ওয়াশিংটন ম্যানিলার সঙ্গে দাম্ভিক আচরণ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির কাছ থেকে ২৬,০০০ অ্যাসাল্ট রাইফেল কেনার পরিকল্পনা বাতিল করে দিতে চেয়েছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তে। কিন্তু ওই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর নিজের সিদ্ধান্ত স্থগিত রাখেন তিনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪