রোহিঙ্গা সংকট অবসানে ভূমিকা নিন: সু চিকে জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i27811-রোহিঙ্গা_সংকট_অবসানে_ভূমিকা_নিন_সু_চিকে_জাতিসংঘ
মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুর ওপর সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের পাশবিক নির্যাতনের অবসান ঘটাতে দেশটির 'কার্যত রাষ্ট্রপধান' অং সান সু চিকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৬ ১৪:১০ Asia/Dhaka
  • অং সান সু চি
    অং সান সু চি

মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুর ওপর সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের পাশবিক নির্যাতনের অবসান ঘটাতে দেশটির 'কার্যত রাষ্ট্রপধান' অং সান সু চিকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এক বিবৃতিতে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার চলমান নৃশংসতা থামাতে এবং এ বিষয়ে হস্তক্ষেপ করতে সু চির প্রতি সরাসরি আহ্বান জানান। বিবৃতিতে আরো বলা হয়, “স্থানীয় জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরিবর্তে সাধারণভাবে আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ স্থানীয় ও আন্তর্জাতিকভাবে হতাশা সৃষ্টি করেছে।”

নামবিয়ার বলেন, “সু চি আপনি রাখাইন রাজ্য সফর করুন এবং সেখানকার মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন।”

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি, যাকে পশ্চিমা গণমাধ্যম মিয়ানমারের ‘গণতন্ত্রের প্রতীক’ হিসেবে ভূষিত করেছে, তিনি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতন বন্ধ করতে কোনো অর্থপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

রাজ্যটিতে মুসলিম জনগোষ্ঠীর ওপর ধর্ষণ, হত্যা ও  অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে দেশটির সেনাবাহিনী। এরইমধ্যে ২০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমানকে প্রতিবেশী বাংলাদেশে চলে যেতে বাধ্য করা হয়েছে। তবে সু চি তার ভাষায় দাবি করেছেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি এরইমধ্যে ‘নিয়ন্ত্রণে’ এসেছে। মিয়ানামারের চলমান পরিস্থিতির জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯