‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি পুতিন’
https://parstoday.ir/bn/news/world-i28282-বিশ্বের_সবচেয়ে_প্রভাবশালী_ব্যক্তি_পুতিন’
২০১৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম ঘোষণা করেছে ফোর্বস ম্যাগাজিন। এ নিয়ে পুতিন টানা চার বছর ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের এক নম্বর প্রভাবশালী ব্যক্তি হলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৬ ০০:৪৩ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

২০১৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম ঘোষণা করেছে ফোর্বস ম্যাগাজিন। এ নিয়ে পুতিন টানা চার বছর ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের এক নম্বর প্রভাবশালী ব্যক্তি হলেন।

এবারে প্রভাবশালী ব্যক্তিদের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছেন মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।    

মার্কিন বিজনেস ম্যাগাজিনটি বলেছে, “রাশিয়ার প্রেসিডেন্ট প্রায় সব দিক থেকেই তার দেশের প্রভাব প্রদর্শন করেছেন।” ফোর্বস বলছে, “নিজ দেশ থেকে সিরিয়া এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, পুতিন যেখানে যা চেয়েছেন তাই হয়েছে।”

ডোনাল্ড ট্রাম্প

তালিকায় থাকা দ্বিতীয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ফোর্বস লিখেছে- “মনে হচ্ছে যেন তিনি কেলেংকারি থেকে মুক্তি পাচ্ছেন, কংগ্রেসের দুই কক্ষই তার পক্ষে রয়েছে এবং ব্যক্তিগতভাবে শত কোটি ডলারের মালিক।”

মাস খানেক আগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ট্রাম্প ২০১৫ সালে ফোবর্সের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ৭২ নম্বরে ছিলেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

চলতি বছরে ফোর্বসের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল রয়েছেন তৃতীয় নম্বরে। ১১ বছর ধরে তিনি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি এ বছর ফোর্বসের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে পরিচিতি পেয়েছেন।

চীনা প্রেসিডেন্ট শি জিন পিং

২০১৫ সালে ফোর্বসের তালিকায় মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন দ্বিতীয় স্থানে; এবার তিনি ৪৮ নম্বরে। চলতি বছরে ফোর্বসের তালিকায় চতুর্থ প্রভাবশালী ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। তালিকায় পঞ্চম স্থান রয়েছেন ক্যাথলিক খ্রিস্টান নেতা পোপ ফ্রান্সিস।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫