বিদায় আমেরিকা: হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
-
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে আমেরিকাকে বিদায় জানানোর এবং মার্কিন সেনাদের সে দেশে যৌথ মহড়ায় অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন।
মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে ফিলিপাইনে মার্কিন বড় ধরণের সহায়তা কর্মসূচি বন্ধ রাখার তৎপরতাকে কেন্দ্র করে এ হুমকি দেন তিনি।
চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকারি দাতা সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন সম্পর্কিত নির্বাহী পরিষদের সভা স্থগিত ঘোষণা করে। ফিলিপাইনে তাদের সহায়তা প্যাকেজ নবায়ন নিয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। দেশটির আইনের শাসন এবং নাগরিক অধিকারের বিষয়ে মার্কিন উদ্বেগকে কেন্দ্র করে এ বৈঠক স্থগিত করা হয়।
এ প্রেক্ষাপটে দুতের্তে বলেন, "বুঝতে পারছি মিলেনিয়াম চ্যালেঞ্জ ফিলিপাইনের নাম কেটে দিয়েছে। খুব ভাল কথা, আমেরিকার এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে এবং মার্কিন অর্থ ছাড়াই টিকে থাকতে পারবে ফিলিপাইন।"
পাশাপাশি তিনি আরো বলেন, আমেরিকার ভুলে যাওয়া উচিত হবে না যে, একই কাজ ফিলিপাইনও করতে পারে। ১৯৯৮ সালের মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া সম্পর্কিত চুক্তির উল্লেখ করে তিনি বলেন, ফিলিপাইন ত্যাগ করতে এবং মার্কিন সেনাদের ফিলিপাইন সফরের চুক্তি বাতিলের জন্য আমেরিকাকেও প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, আমেরিকাকে 'যেমন কর্ম তেমন ফল' ভোগ করতে হবে। আমেরিকা কখনোই একতরফা পদক্ষেপ নিয়ে পার পাবে না বলেও পরিষ্কার ভাষায় উল্লেখ করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৮