আইসিসি’তে কিম জং-উনের বিচার করতে হবে: দ. কোরিয়া
-
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউন বিউং-সি
উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতির জন্য দেশটির নেতা কিম জং-উনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউন বিউং-সি। তিনি সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান।
একইসঙ্গে তিনি উত্তর কোরিয়ার নেতার সৎ ভাই কিম জং-ন্যামের কথিত হত্যাকাণ্ডেরও নিন্দা জানান।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, উত্তর কোরিয়ার শত শত কর্মকর্তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে গণহারে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে না ধরে তিনি বলেন, “এই অপরাধ ও নির্যাতনের জন্য শেষ পর্যন্ত কে দায়ী সেকথা আমরা সবাই জানি।”
জাতিসংঘের পরিসংখ্যানের বরাত দিয়ে ইউন বলেন, উত্তর কোরিয়ার কারাগারগুলোতে বর্তমানে ১,২০,০০০ মানুষ বন্দি রয়েছে। তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি’তে দেশটির কথিত মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করার আহ্বান জানান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮