কাশ্মির নিয়ে জাতিসংঘে ভারত-পাকিস্তানের বাগযুদ্ধ
-
কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ (ফাইল ফটো)
জম্মু ও কাশ্মির নিয়ে জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন বা ইউএনএইচসিআর’র বৈঠকে পাকিস্তান এবং ভারতের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা হয়েছে। বৈঠকে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তদন্ত দল পাঠানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে, ভারত বলেছে, সীমান্ত সন্ত্রাসে মদদ দিচ্ছে পাকিস্তান।
ইউএনএইচসিআর’র বৈঠকে পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ বলেন, ভারতীয় দখলদার বাহিনী যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা তদন্ত করার জন্য তথ্য-অনুসন্ধানী দল পাঠাতে হবে। তিনি বলেন, “ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে নয়াদিল্লি যে দাবি করে তা সঠিক নয়। সেখানকার বাস্তব অবস্থা জানার জন্য দ্রুত কাশ্মিরে তদন্ত দল পাঠানো দরকার।” কাশ্মির ইস্যুতে ভারতের অবস্থানকে জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, বৈঠক শেষে জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত অজিত কুমার অভিযোগ করেন, কাশ্মিরের বর্তমান পরিস্থিতির জন্য আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দায়ী। তিনি বলেন, পাকিস্তান কাশ্মিরে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে। এছাড়া, ভারতের নাগরিকদের বিরুদ্ধে পাকিস্তান সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। তিনি বলেন, অন্যের দিকে মানবাধিকার লঙ্ঘনের জন্য আঙুল না তুলে পাকিস্তানের উচিত নিজের দিকে তাকানো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২