ভারতীয় গোয়েন্দা কুলভূষণকে ফেরত দেয়া হবে না: পাকিস্তান
-
কুলভূষণ যাদব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবকে ফেরত দেয়ার বিষয়টি সরকার মোটেই বিবেচনা করছে না বরং গুপ্তচরবৃত্তির জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রক্রিয়ায় তার বিচার হবে।
পাকিস্তানের জাতীয় পরিষদের উচ্চকক্ষ সিনেটে দেয়া বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন। প্রশ্নোত্তর পর্বে সারতাজ সিনেটকে জানান, “সরকারের পক্ষ থেকে কখনো বলা হয় নি যাদবের বিরুদ্ধে প্রমাণের ঘাটতি রয়েছে।”
সিনেটর তালহা মেহমুদ উপদেষ্টা সারতাজের কাছে তীক্ষ্ণ প্রশ্ন করেন- মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র ঠিকাদার রেমন্ড ডেভিসকে যেভাবে লালগালিচা সংবর্ধনা দিয়ে সরকার বিদায় জানিয়েছিল কুলভূষণ যাদবের জন্যও কী একই ব্যবস্থা করা হবে? জবাবে সারতাজ জানান, “এরইমধ্যে যাদবের বিরুদ্ধে এফআইআর তৈরি করেছি এবং পাকিস্তানের ভেতরে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এ প্রক্রিয়ায় তার বিচার হবে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩