এরদোগানের সঙ্গে বৈঠকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করলেন পুতিন
-
এরদোগানের (বামে) সঙ্গে পুতিনের বৈঠক
সিরিয়ার চলমান সংকট নিরসনের ক্ষেত্রে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ (শুক্রবার) পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন তিনি।
এ সময় পুতিন বলেন, “আমরা প্রথমত সিরিয়া সংকটের মতো বড় একটা সমস্যা নিরসনের জন্য সক্রিয়ভাবে কাজ করছি। আমি এতে খুবই খুশি তবে কম ব্যক্তিই এটা ধারণা করতে পেরেছিল যে, আমাদের সামরিক বাহিনী ও বিশেষ বাহিনী এত দক্ষতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে পারবে।”
বৈঠকে পুতিন তুরস্ক ও রাশিয়ার সামরিক কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বিশ্বাসযোগ্য ও কার্যকর সংলাপ প্রতিষ্ঠার কথা জোর দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সন্তুষ্ট যে, আমাদের সম্পর্ক দ্রুত ঠিক হয়ে আসছে।”
বৈঠকে এরদোগান দু দেশের মধ্যকার গ্যাস পাইপলাইন প্রকল্প ও পরমাণু স্থাপনা তৈরির কাজে গতি পাওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, দু দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে জ্বালানি ও প্রতিরক্ষা শিল্পই হচ্ছে প্রধান দিক।
সিরিয়ার চলমান সংকটে রাশিয়া সমর্থন দিচ্ছে প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারকে, অন্যদিকে তুরস্ক সমর্থন দিচ্ছে দামেস্ক-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীকে। তবে, সম্প্রতি তুর্কি সরকার অনেকটা আকস্মিকভাবে রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে। এছাড়া, সিরিয়া সংকট নিরসনের ক্ষেত্রে কাজাখস্তানের রাজধানী আস্তানায় যে আলোচনা হয়েছে তাতে ইরান, রাশিয়া ও তুরস্ক অনেকটা একই অবস্থান থেকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এ তিনটি দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গত ডিসেম্বর মাস থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। অবশ্য, এ যুদ্ধবিরতির আওতায় দায়েশসহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আনা হয় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০