উরির হামলা: মুক্তি পেয়ে পাকিস্তানে ফিরেছে ২ কিশোর
-
মুক্তি পাওয়া পাকিস্তানি দুই কিশোর
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আটক দুই পাকিস্তানি কিশোরকে পাকিস্তানে ফেরৎ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে শেষ পর্যন্ত ভারত তাদের মুক্তি দেয়।
ফয়সাল হোসেইন আওয়ান এবং আহসান খুরশিদ নামের দুই কিশোরকে ওয়াগা সীমান্তে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে ভারত।
গত ১৮ সেপ্টেম্বর উরির পদাতিক ব্রিগেডের সদর দফতরে চালানো হামলায় ভারতের ১৮ সেনা নিহত হয়েছিল। ভয়াবহ এ হামলার তিনদিন পর ফয়সাল হোসেইন আওয়ান এবং আহসান খুরশিদকে আটক করা হয়। কিন্তু ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ’র তদন্তে বলা হয়েছে- লেখাপড়ায় ফাঁকি দেয়ায় অভিভাবকদের বকাবকির কারণে বাড়ি ছেড়ে পালিয়েছিল তারা।
এনআইএ আরো বলেছে, আটক কিশোরদের জবানবন্দি, তাদের মোবাইল ফোনের কারিগরি বিশ্লেষণ, আটক জিপিএস যন্ত্র এবং সংগৃহীত অন্যান্য সরেজমিন আলামত খতিয়ে দেখা হয়েছে। এতে উরির হামলাকারীদের সঙ্গে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় নি।
এর আগে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছিল, উরির হামলায় জড়িত পাকিস্তানভিত্তিক জয়শে মোহাম্মদের সঙ্গে দুই কিশোরের সম্পর্ক ছিল। অন্যদিকে এনআইএ বলেছে, জয়শে মোহাম্মাদ নয় বরং উরির হামলায় জড়িত ছিল পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লশকরে তৈয়্যেবা।#
পার্সটুডে/মূসা রেজা/১২