উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত 'টেবিলেই' রয়েছে: টিলারসন
https://parstoday.ir/bn/news/world-i34644-উত্তর_কোরিয়ার_বিরুদ্ধে_সামরিক_পদক্ষেপ_নেয়ার_সিদ্ধান্ত_'টেবিলেই'_রয়েছে_টিলারসন
উত্তর কোরিয়ার হুমকির মাত্রা ছাড়িয়ে গেলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত 'টেবিলে' থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৭, ২০১৭ ১৭:০২ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত 'টেবিলেই' রয়েছে: টিলারসন

উত্তর কোরিয়ার হুমকির মাত্রা ছাড়িয়ে গেলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত 'টেবিলে' থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

আজ (শুক্রবার) দক্ষিণ কোরিয়ায় টিলারসন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত ধৈর্য ধরার মার্কিন নীতির দিন শেষ হয়ে গেছে। এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে আজ সিউলে পৌঁছেন টিলারসন।

সিউলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি স্পষ্ট করেই বলছি, কৌশলগত ধৈর্য ধরার নীতি শেষ হয়ে গেছে। আমরা নিরাপত্তা এবং কূটনীতির ক্ষেত্রে নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। সব ধরণের সিদ্ধান্ত এখন টেবিলেই রয়েছে।' তিনি বলেন, উত্তর কোরিয়ার যেসব পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হুমকি সৃষ্টি করবে তার বিরুদ্ধে সমচিত জবাব দেয়া হবে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার প্রসঙ্গে টিলারসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমাদের কাছে যদি মনে হয় পিয়ংইয়ং তাদের সমরাস্ত্রের কর্মসূচীর মাধ্যমে অন্যকে হুমকি দেয়ার মাত্রা ছাড়িয়ে গেছে তবে তাদের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত টেবিলে রয়েছে।' 

আগামীকাল টিলারসনের চীন সফরে যাওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচী পরিত্যাগ করার ব্যাপারে দেশটির ওপর চীন যেন চাপ সৃষ্টি করে সে বিষয়ে চীনা নেতাদের তিনি বোঝানোর চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়াকে চীনের প্রধান মিত্রদেশ হিসেবে বিবেচনা করা হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭