দ. চীন সাগরের আকাশে মার্কিন পরমাণু বোমারু বিমান: বেইজিংয়ের হুমকি
https://parstoday.ir/bn/news/world-i39802-দ._চীন_সাগরের_আকাশে_মার্কিন_পরমাণু_বোমারু_বিমান_বেইজিংয়ের_হুমকি
দক্ষিণ চীন সাগরের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন দুই বোমারু বিমান উড্ডয়নের পরিপ্রেক্ষিতে আজ (শুক্রবার) পরোক্ষভাবে ওয়াশিংটনকে হুমকি দিয়েছে বেইজিং। চীন বলেছে, নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব বজায় রাখা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৭ ১৪:২৮ Asia/Dhaka
  • দ. চীন সাগরের আকাশে মার্কিন পরমাণু বোমারু বিমান: বেইজিংয়ের হুমকি

দক্ষিণ চীন সাগরের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন দুই বোমারু বিমান উড্ডয়নের পরিপ্রেক্ষিতে আজ (শুক্রবার) পরোক্ষভাবে ওয়াশিংটনকে হুমকি দিয়েছে বেইজিং। চীন বলেছে, নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব বজায় রাখা হবে।

চীনা মন্ত্রী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়তার সঙ্গে বজায় রাখবে চীনের সেনাবাহিনী। আমেরিকার প্রতি ইঙ্গিত করে সূত্রটি আরো বলেছে, দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট দেশের তৎপরতার বিরুদ্ধে চীন সব সময়ই সতর্কতা এবং কার্যকর নজরদারি বজায় রেখেছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ড নিজ ওয়েবসাইটে জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর দুটি বি-১বি ল্যান্সার বোমারু বিমান ১০ ঘণ্টা দক্ষিণ চীন সাগরের আকাশে উড়েছে। গতকাল প্রশিক্ষণের অংশ হিসেবে গুয়াম থেকে এ দুই বিমান আকাশে ওড়ে। এ সময় সাগরে টহল দিয়েছে মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস স্টারগেট।

আমেরিকা নৌ চলাচলের কথিত স্বাধীনতার নামে এ ধরণের অনুশীলন তৎপরতা চালায়।#

পার্সটুডে/মূসা রেজা/৯