ভিক্ষুকের ছদ্মবেশে কমান্ডো মোতায়েন করা হয়েছে গোটা ব্রিটেনে
-
ছন্নছাড়া ভিক্ষুক না কমান্ডো? ছবি দেখে তা বোঝার কোনো উপায়ই নেই!
ব্রিটেনের কমান্ডো বাহিনী এসএএসের সশস্ত্র সদস্যদের ভিক্ষুক এবং ছন্নছাড়া ভবঘুরের ছদ্মবেশে গোটা দেশে মোতায়েন করা হয়েছে। লন্ডন এবং ম্যানচেস্টারে চলতি বছরে তিন দফা সন্ত্রাসী হামলার পর এ পদক্ষেপ নেয়া হয় বলে একটি খবরে বলা হয়েছে।
গোটা যুক্তরাজ্যের নগরী এবং শহরগুলোর গুরুত্বপূর্ণ এলাকায় এ ভাবে কমান্ডো মোতায়েন করা হয়েছে। কোথাও কোথাও এসএএস কমান্ডোদের রাস্তার ঝাড়ুদারের ছদ্মবেশেও মোতায়েন করা হয়েছে বলে একটি খবরে প্রকাশ করা হয়েছে।
ভিক্ষুক এবং ছন্নছাড়া ভবঘুরের ছদ্মবেশে নিয়োগকরা এসএএস সদস্যদের সাথে রয়েছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হ্যাকলার অ্যান্ড কোচ এমপি৭ সাবমেশিনগান। এ ছাড়াও রয়েছে জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিক্যাল কিট। প্রয়োজনের সময়ে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি রয়েছে তাদের । ব্রিটেনের কাউন্টার রেভ্যুলেশনারি ওয়ারফেয়ার উইংয়ের সদস্যদের এ ভাবে মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ সামরিক বাহিনীর একটি সূত্র বলেছে, প্রথমে সাময়িক ভাবে এ সব কমান্ডো মোতায়েন করা হয়েছিল। এখন এ তৎপরতা আপাতত বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান হয়। এ সূত্র আরো জানায়, জয়েন্ট টেরোরিজম অ্যানালাইসিস সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী এখনো ব্রিটেনে হুমকির মাত্রা মারাত্মক পর্যায়ে রয়েছে। অর্থাৎ নতুন করে সন্ত্রাসী হামলার আশংকা রয়েই গেছে বলে ধারণা করা হচ্ছে।
কোনো ঘটনা ঘটলে ভিক্ষুক এবং ছন্নছাড়া ভবঘুরের বেশে মোতায়েন সেনারা তাৎক্ষণিক ভাবে সাড়া দিতে পারবে। এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের হওয়ার আশংকা কমবে বলে ধরে নেয়া হয়েছে।
এ ভাবে মোতায়েন করা কমান্ডোদের প্রয়োজনীয় খাদ্য যোগানোর বিষয়েও উল্লেখ করা হয়েছে খবরে। এতে বলা হয়েছে, সাদা পোশাকের সতীর্থ কমান্ডোরা দয়ালু মানুষের ভান করে এদেরকে খাবার-দাবারের যোগান দেন।
ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র এ খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। মুখপাত্র বলেছেন, কমান্ডোদের তৎপরতার প্রসঙ্গে কোনো মন্তব্য করে না ব্রিটেনের প্রতিরক্ষা দফতর।#
পার্সটুডে/মূসা রেজা/১৪