বিশ্বে প্রতি মিনিটে বিক্রি হচ্ছে ১০ লাখ প্লাস্টিকের বোতল !
https://parstoday.ir/bn/news/world-i41106-বিশ্বে_প্রতি_মিনিটে_বিক্রি_হচ্ছে_১০_লাখ_প্লাস্টিকের_বোতল_!
বিশ্বে প্রতি মিনিটে ১০ লাখ প্লাস্টিকের বোতল বিক্রি হচ্ছে এবং ২০২১ সালে মধ্যে এ সংখ্যা আরো ২০ শতাংশ বাড়বে। এতে জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক পরিবেশ সংকট সৃষ্টি হবে বলে আশংকা প্রকাশ করেছেন প্লাস্টিক বোতল বিরোধী আন্দোলনে জড়িতদের কেউ কেউ।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ২৮, ২০১৭ ২১:০৬ Asia/Dhaka
  • বিশ্বে প্রতি মিনিটে বিক্রি হচ্ছে ১০ লাখ প্লাস্টিকের বোতল !

বিশ্বে প্রতি মিনিটে ১০ লাখ প্লাস্টিকের বোতল বিক্রি হচ্ছে এবং ২০২১ সালে মধ্যে এ সংখ্যা আরো ২০ শতাংশ বাড়বে। এতে জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক পরিবেশ সংকট সৃষ্টি হবে বলে আশংকা প্রকাশ করেছেন প্লাস্টিক বোতল বিরোধী আন্দোলনে জড়িতদের কেউ কেউ।

নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্লাস্টিক বোতলের ব্যবহার বেড়েছে। চলতি দশকের শেষে প্লাস্টিক বোতল বিক্রির সংখ্যা অর্ধ ট্রিলিয়নে পৌঁছাবে। একের পিঠে ১২ শূন্যে এক ট্রিলিয়ন হয়।

প্রতি মিনিটে ২০ হাজার বোতলের এ চাহিদা তৈরির পেছনে রয়েছে পাশ্চাত্যের ভোগবাদী সংস্কৃতির কুপ্রভাব। প্রধানত বোতলজাত পানির তৃষ্ণা চীন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে এ অবস্থার সৃষ্টি করেছে।

বিশ্বে গত বছর অর্থাৎ ২০১৬ সালে ৪৮০ বিলিয়নেরও বেশি প্ল্যাস্টিক বোতলজাত পানি বিক্রি হয়েছে। অথচ এক দশক আগেও বাৎসরিক বিক্রির পরিমাণ ছিল ৩০০ বিলিয়ন বোতল। একের পর এক এ বোতল বসানো হলে সূর্যের দিকে আধাআধি পথ পাড়ি দেয়া যাবে। বিশ্বের প্যাকেজিং প্রবণতা নিয়ে প্রতিবেদন দিয়েছে ইউরোমনিটর ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, ২০২১ সালে বোতল বিক্রির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৮৩.৩ বিলিয়ন।

২০১৬ সালে যে পরিমাণ বোতল তৈরি হয়েছে তার অর্ধেকের কম পুনরায় ব্যবহার করা সম্ভব হয়েছে। বেশির ভাগ প্ল্যাস্টিকের বোতল শেষ পর্যন্ত মাটি ভরাট কাজে লাগে বা সাগর মহাসাগরে জমা হয়। এ সব বোতলের কিছু অংশ শেষ পর্যন্ত মানুষের খাদ্যচক্রেও ঢুকে পড়ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশেষজ্ঞরা।

বেলজিয়ামের গেনেট বিশ্ববিদ্যালয়ের এক হিসাবে বলা হয়েছে, সি ফুড যারা খেয়ে থাকেন তারা বছরে ১১ হাজার ক্ষুদ্র প্ল্যাস্টিক কণাও খেয়ে থাকেন। ব্রিটেনের প্লেমাউথ বিশ্ববিদ্যালয়ের এক হিসাবে বলা হয়েছে, যুক্তরাজ্যে যে মাছ ধরা হয় তার এক তৃতীয়াংশের মধ্যে প্ল্যাস্টিক পাওয়া গেছে।#  

পার্সটুডে/মূসা রেজা/২৯