৯/১১ ক্ষতিপূরণ মামলা: সৌদির পর যোগ হচ্ছে আমিরাতের নাম!
https://parstoday.ir/bn/news/world-i42132-৯_১১_ক্ষতিপূরণ_মামলা_সৌদির_পর_যোগ_হচ্ছে_আমিরাতের_নাম!
আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলায় সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র নামও যুক্ত হতে পারে। ৯/১১'র হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ ব্যক্তি গত মার্চে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছিলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১৫, ২০১৭ ০৩:৫১ Asia/Dhaka
  • (ফাইল ফটো)
    (ফাইল ফটো)

আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলায় সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র নামও যুক্ত হতে পারে। ৯/১১'র হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ ব্যক্তি গত মার্চে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছিলেন।

১১ সেপ্টেম্বরের ঘটনায় জড়িত ১৯ জন বিমান ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিল সৌদি এবং দু জন আমিরাতের নাগরিক বলে দাবি করা হচ্ছে। কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন তিন আরব দেশ ইউএই, বাহরাইন এবং মিশরের চলমান কূটনৈতিক টানাপড়েনের মুখে আমিরাতের বিরুদ্ধে মামলার কথা উঠেছে। মিডল ইস্ট আই নামের একটি নিউজ পোর্টাল এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, নাইন-ইলেভেনের ঘটনায় মামলা করার সময়সীমা ২০১৯ সালের জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে। তার আগেই ইউএইর বিরুদ্ধে মামলা করা হতে পারে।

৯/১১'র ঘটনায় স্বামী হারিয়েছেন মামলার অন্যতম বাদী ক্রিস্টেন ব্রিইটওয়েজার। তিনি বলেন, এবার ইউএইর দিকে নজর দেয়ার সময় এসেছে। আইনজীবীদের এদিকে মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। ক্রিস্টেন আরো বলেন, ৯/১১'র ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের হাত পরিষ্কার নয়। ছিনতাইকারীদের সঙ্গে তাদের যোগসাজশের বিষয়টি আরো খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি।

৯/১১ কমিশনের প্রতিবেদনে ইউএই’র নাম ৭০ বারের বেশি উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসীদের অর্থ যোগানোর বিষয়েও দেশটির নাম একবার উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১'র হামলায় জড়িত বেশিরভাগ সন্ত্রাসী দুবাই হয়ে আমেরিকায় গেছে। সন্ত্রাসী হামলায় যে অর্থ ব্যয় করা হয়েছে তা ইউএই থেকে গেছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫