ইয়েমেনে সাংবাদিকদের যেতে দিন: সৌদিকে জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i42478-ইয়েমেনে_সাংবাদিকদের_যেতে_দিন_সৌদিকে_জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত ও কলেরাপীড়িত ইয়েমেনের পরিস্থিতি দেখার জন্য দেশটিতে সাংবাদিকদের যাওয়ার অনুমতি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো একটি ত্রাণবাহী বিমানের সঙ্গে তিন সাংবাদিককে ইয়েমেনের রাজধানী সানায় যেতে দিতে রিয়াদ অস্বীকার করার পর বিশ্ব সংস্থার পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৭ ০৯:০১ Asia/Dhaka
  • ফারহান হক
    ফারহান হক

যুদ্ধবিধ্বস্ত ও কলেরাপীড়িত ইয়েমেনের পরিস্থিতি দেখার জন্য দেশটিতে সাংবাদিকদের যাওয়ার অনুমতি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো একটি ত্রাণবাহী বিমানের সঙ্গে তিন সাংবাদিককে ইয়েমেনের রাজধানী সানায় যেতে দিতে রিয়াদ অস্বীকার করার পর বিশ্ব সংস্থার পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।

সৌদি আরব জাতিসংঘের ত্রাণবাহী ওই বিমানকেও সানায় নামার অনুমতি দেয় নি। সৌদি সরকার বলছে, ইয়েমেনগামী যেকোনো বিমানকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে নামতে হবে। রাজধানী সানার নিয়ন্ত্রণ রয়েছে আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে আর এডেনের নিয়ন্ত্রণ রয়েছে সৌদিপন্থি পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের হাতে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, “আমরা শুধুমাত্র ইয়েমেনে ত্রাণই পাঠাতে চাই না বরং দেশটিতে কী হচ্ছে তাও বিশ্ববাসীকে জানাতে চাই। কিন্তু সৌদি আরবের এই ভূমিকা তার জন্য সহায়ক নয়। আমরা আবারো বলছি, ইয়েমেনে যা হচ্ছে তা নিতান্তই মানব-সৃষ্ট সংকট এবং বিশ্ববাসী জানতে চায় যে, দেশটিতে সাংবাদিকদের প্রবেশাধিকার আছে।”

বিমানটির সঙ্গে ছিল ব্রিটিশ সরকার পরিচালিত গণমাধ্যম বিবিসি’র তিন সাংবাদিক। বিমান এবং তিন সাংবাদিক কারোরই নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দেয় নি সৌদি আরব।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০