আফগান যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i44670-আফগান_যুদ্ধে_জয়ী_হওয়ার_সম্ভাবনা_নেই_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী
তালেবান বিরোধী যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা আমেরিকার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। আফগান যুদ্ধ এবং তালেবানকে পরাজিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যয় ব্যক্ত করেছেন টিলারসনের এ মন্তব্যের মধ্য দিয়ে আফগানিস্তান বিষয়ে মার্কিন প্রশাসনের হতাশার চিত্র ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০১৭ ১২:১৩ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

তালেবান বিরোধী যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা আমেরিকার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। আফগান যুদ্ধ এবং তালেবানকে পরাজিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যয় ব্যক্ত করেছেন টিলারসনের এ মন্তব্যের মধ্য দিয়ে আফগানিস্তান বিষয়ে মার্কিন প্রশাসনের হতাশার চিত্র ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে।

গতকাল (মঙ্গলবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে টিলারসন বলেন, "আমার মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যয় ব্যক্ত করেছেন এর মাধ্যমে উগ্র গোষ্ঠী তালেবানকে তিনি এ কথা বোঝানোর চেষ্টা করেছেন যে যুদ্ধক্ষেত্রে তোমরাও বিজয়ী হতে পারবে না।" তিনি বলেন, আমরা হয়ত বিজয়ী হবো না, তবে তোমরাও বিজয়ী হতে পারবে না।     

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি দীর্ঘায়িত করার পরিকল্পনা নিয়েছেন তখন টিলারসনের এসব মন্তব্য এলো। এর আগে, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতিকে ‘পুরোপুরি অপচয়’ হিসেবে উল্লেখ করলেও এখন নিজের  বক্তব্য থেকে সরে এসেছেন ট্রাম্প।

এছাড়া, আফগান তালেবানকে সমর্থন দেওয়ার অভিযোগে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গতকাল অনেকটা হুমকি দিয়েই টিলারসন বলেছেন, পাকিস্তান সরকার তার মনোভাব পরিবর্তনে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হারাতে পারে।

তিনি আরো বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিকে ‘নন-ন্যাটো' মিত্রের মর্যাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মর্যাদার আওতায় পাকিস্তান বিশেষ সুবিধা পেয়ে আসছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে থেকে কোটি কোটি ডলার সহায়তা পাচ্ছে। কিছু সামরিক সুবিধাও ভোগ করছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩