ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আবার চ্যালেঞ্জের মুখে
-
থিওডোর চুয়াং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম-বিরোধী ভ্রমণ নিষেধাজ্ঞা দ্বিতীয়বারের মতো আটকে দিয়েছে দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের বিচারক বলেছেন, এ ভ্রমণ নিষেধাজ্ঞা মূলত মুসলমানদেরকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে যা মার্কিন সংবিধান-বিরোধী।
আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের ফেডারেল বিচারক থিওডোর চুয়াং নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা থেকে এবারের নিষেধাজ্ঞায় প্রকৃতপক্ষে কোনো পরিবর্তন নেই। ফলে ছয়টি মুসলিমপ্রধান দেশ ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান ও সোমালিয়ার নাগরিকদের ওপর আমরিকা ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বৈষম্যমূলক ও শুধুমাত্র একটি ধর্মের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ছয় মুসলিম দেশের পাশাপাশি উত্তর কোরিয়ার নাগরিক এবং ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন এবং ১৮ অক্টোবর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেল আদালতে এ নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় কার্যত ট্রাম্পের কর্তৃত্ব আরেকবার চ্যালেঞ্জের মুখে পড়ল। ধারণা করা হচ্ছে- বিষয়টি এখন আমেরিকার সুপ্রিম কোর্টে গড়াবে।
এর আগে এ আদেশকে স্থগিত করেছিলেন হাওয়াইয়ের ডিস্ট্রিক্ট জজ ডেরিক ওয়াটসন। তিনিও বলেছেন, ট্রাম্পের এ নিষেধাজ্ঞা বৈষম্যমূলক ও দেশের অভিবাসন আইনের পরিপন্থি। চলতি বছরের জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত তিনবার বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। প্রতিবারই ইরানসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশকে টার্গেট করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮