সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দিন: চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং
আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে চীন বলেছে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য যখন ইসলামাবাদের ওপর মার্কিন চাপ প্রবল হয়েছে তখন চীন এ আহ্বান জানালো।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন চলতি সপ্তাহের প্রথম দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বলেছেন, "পাকিস্তানে সন্ত্রাসীদের অভয়ারণ্য মেনে নেয়া হবে না।" তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, "বহু বছর ধরে ইসলামাবাদ ইতিবাচক প্রচেষ্টা ও বড় ধরনের আত্মত্যাগ করে আসছে।"
তিনি আরো বলেন, বিশ্ব শান্তি ও আঞ্চলিক শান্তি রক্ষার ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক সমাজ সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তানের এই প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে।" এ সময় তিনি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে চীনের সমর্থনের কথা ঘোষণা করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরের কথা উল্লেখ করে গেং শুয়াং বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে পাকিস্তান ও আমেরিকার সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইকে বেইজিং স্বাগত জানায়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭