২২ পুলিশকে হত্যা করেছে আফগান তালেবান
https://parstoday.ir/bn/news/world-i47989-২২_পুলিশকে_হত্যা_করেছে_আফগান_তালেবান
আফগানিস্তানের দু’টি আলাদা চেকপয়েন্টে হামলা চালিয়ে অন্তত ২২ জন পুলিশকে হত্যা করেছে দেশটিতে তৎপর জঙ্গি গোষ্ঠী তালেবান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০১৭ ০৬:০১ Asia/Dhaka
  • নিহত সহকর্মীর লাশ সরিয়ে নিচ্ছে আফগান পুলিশ (ফাইল ছবি)
    নিহত সহকর্মীর লাশ সরিয়ে নিচ্ছে আফগান পুলিশ (ফাইল ছবি)

আফগানিস্তানের দু’টি আলাদা চেকপয়েন্টে হামলা চালিয়ে অন্তত ২২ জন পুলিশকে হত্যা করেছে দেশটিতে তৎপর জঙ্গি গোষ্ঠী তালেবান।

দেশের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলার একটি চেকপয়েন্টে রোববার সকালে তালেবানের অতর্কিত হামলায় ১৩ জন আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়।

প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হামিদ বলেছেন, ওই হামলায় চেকপয়েন্টে উপস্থিত মাত্র একজন পুলিশ প্রাণে রক্ষা পেয়েছেন। জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি জানিয়েছেন, হামলাকারীরা চেকপয়েন্টটি ধ্বংস করে দিয়ে একটি হামভি সামরিক যান ছিনতাই করে নিয়ে গেছে।

আফগানিস্তানে তৎপর জঙ্গি গোষ্ঠী তালেবান

একইদিন আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি চেকপয়েন্টে তালেবানের আলাদা হামলায় অপর নয় পুলিশ নিহত ও দু’জন আহত হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ আরিফ নুরি বলেছেন,ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১২ তালেবান নিহত হয়েছে।

আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাশবিক হামলা বাড়িয়ে দিয়েছে তালেবান। গত দুই সপ্তাহে তারা বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। গত ২৪ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের দুই সামরিক ঘাঁটিতে তালেবানের সর্বশেষ হামলায় ১১ সৈন্য নিহত ও বহু সেনা আহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০