আদালতে যুদ্ধাপরাধী ক্রোয়াট জেনারেলের আত্মহত্যা (ভিডিও)
-
যুদ্ধাপরাধী প্রালজ্যাকের বিষপানের দৃশ্য এভাবেই ক্যামেরাবন্দি হয়
বসনিয়ার মুসলমানদের ওপর যুদ্ধাপরাধ পরিচালনাকারী একজন ক্রোয়াট জেনারেল হেগের আন্তর্জাতিক আদালতে বিচারকদের সামনে বিষপান করে আত্মহত্যা করেছেন। হেগে জাতিসংঘের একটি আদালত বলকান যুদ্ধকালীন ক্রোয়াট জেনারেল স্লোবোদান প্রালজ্যাককে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করার পর তিনি বিষপান করেন।
হেগে জাতিসংঘের পক্ষ থেকে বলকান যুদ্ধের সময়কার অপরাধের বিচার করার জন্য স্থাপিত আদালত ‘আইসিটিওয়াই’তে বুধবার এ ঘটনা ঘটে। ৭২ বছর বয়সি সাবেক জেনারেল প্রালজ্যাক তার বিরুদ্ধে একই আদালতের দেয়া ২০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন।
কিন্তু বুধবার আদালতের বিচারকরা তার আপিল খারিজ করে দিলে তিনি ভর আদালতে ক্যামেরার সামনে ছোট একটি শিশি থেকে কিছু একটা পান করেন। এরপর প্রালজ্যাক দাবি করেন, তিনি যুদ্ধাপরাধ করেননি এবং এই রায়ের বিরোধিতা করে তিনি বিষপান করেছেন।
এ সময় আদালতে উপস্থিত একজন আইনজীবী জানান, এ ঘটনার পরপরই প্রালজ্যাক তার চেয়ারের উপর ঢলে পড়ে যান এবং আদালতের কর্মকর্তারা তাকে ঘিরে ধরেন।
এ সময় আদালতের প্রধান বিচারক ক্যারমেল অ্যাগিয়াস অধিবেশন মূলতবি ঘোষণা করে যুদ্ধাপরাধী ক্রোয়াট জেনারেলকে হাসপাতালে পাঠানোর আদেশ দেন। এর এক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
বসনিয়ার মুসলমানদের ওপর চালানো গণহত্যায় অভিযুক্ত ছয় শীর্ষ ক্রোয়াট ব্যক্তির মধ্যে স্লোবোদান প্রালজ্যাক অন্যতম। তিনি প্রয়াত ক্রোয়াট প্রেসিডেন্ট ফ্রাঞ্জো তুজম্যানের নেতৃত্বাধীন তৎকালীন ক্রোয়েশিয়া সরকারের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা ছিলেন। ২০১৩ সালে হেগের আদালত তার বিরুদ্ধে প্রথম শাস্তি ঘোষণা করেছিল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০