‘তালেবান নেতাদের দ্রুত গ্রেফতার অথবা বহিষ্কার করুন’
-
হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স
আফগান তালেবান নেতাদের দ্রুত গ্রেফতার অথবা বহিষ্কার করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। এছাড়া, তালেবান নেতারা যাতে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসলামাবাদকে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে রক্তক্ষয়ী হামলার পর এসব কথা বলেছেন হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। ওই হামলায় বেশ কয়েকজন বিদেশী নাগরিক নিহত হয়েছেন এবং হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।
এই হামলার কারণে আফগান বাহিনীকে আমেরিকার পক্ষ থেকে সমর্থন দেয়া জোরদার হবে বলেও মন্তব্য করেন স্যান্ডার্স। তিনি দাবি করেন, আফগানিস্তানের ভেতরে হামলার জন্য তালেবান সন্ত্রাসীরা পাকিস্তানের ভূমি ব্যবহার করছে।
পাকিস্তান ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আফগানিস্তানের পক্ষ থেকে কেউ কেউ পাকিস্তানকে দোষারোপ করার যে চেষ্টা চালিয়েছেন তাও নাকচ করেছে ইসলামাবাদ। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য আফগানিস্তানে তালেবান হামলার দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করছে আমেরিকা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩