কাবুল হামলায় কয়েকজন মার্কিন নাগরিক নিহত: পররাষ্ট্র দপ্তর
https://parstoday.ir/bn/news/world-i51845-কাবুল_হামলায়_কয়েকজন_মার্কিন_নাগরিক_নিহত_পররাষ্ট্র_দপ্তর
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত শনিবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক হতাহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৮ ১৯:০১ Asia/Dhaka
  • কাবুলের হোটেলে হামলায় নিহত এক ব্যক্তির স্বজনেরা তার লাগেজ নিয়ে যাচ্ছে
    কাবুলের হোটেলে হামলায় নিহত এক ব্যক্তির স্বজনেরা তার লাগেজ নিয়ে যাচ্ছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত শনিবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক হতাহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।

তবে ঠিক কতজন মার্কিন নাগরিক হতাহত হয়েছে ওই কর্মকর্তা তা নিশ্চিত করে বলেন নি। তিনি বলেছেন, “আমরা নিশ্চিত করতে পারি যে, কাবুল হামলায় মার্কিন নাগরিক নিহত হয়েছে।”  

শনিবারের হামলায় মোট ২২ জন নিহত হয়েছিল তার মধ্যে ১৪ জন বিদেশি। আফগান কর্মকর্তারা প্রাথমিকভাবে এ সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন। তালেবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সশস্ত্র পাহারা

পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, “আমরা নিহতদের আত্মীয়-স্বজনের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তবে এ বিষয়ে আমরা এখন আর কিছুই বলতে চাইছি না।”

শনিবারের হামলায় পাঁচ সন্ত্রাসী জড়িত ছিল এবং তাদের সবাইকে দেশটির নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে রোববার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান। আফগান কর্মকর্তারা জানিয়েছিলেন, শনিবার রাত ৯টার দিকে পশ্চিম কাবুলে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুপ্রবেশ করে জঙ্গিরা হোটেলের অতিথি, কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। একইসঙ্গে তারা গ্রেনেড নিক্ষেপ করে হোটেলের একাংশে আগুন ধরিয়ে দেয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩