ব্রিটেন সংঘাতের পথ বেছে নিয়েছে: রাশিয়া
-
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
একজন সাবেক রুশ গুপ্তচরের হত্যা প্রচেষ্টাকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার রাশিয়ার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তাকে ‘অমার্জিত ও বিদ্বেষী’ পদক্ষেপ আখ্যায়িত করে মস্কো বলেছে, ব্রিটেন সংঘাতের পথ বেছে নিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে এক বিবৃতিতে বলেছে, ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করাসহ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে অন্যান্য যেসব পদক্ষেপ নিয়েছেন তাকে উসকানিমূলক হিসেবে দেখছে মস্কো। রাশিয়া অচিরেই এসব পদক্ষেপের পাল্টা জবাব দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্রিটিশ সরকার আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ব্রিটিশ সরকার সাবেক রুশ গুপ্তচরের হত্যা প্রচেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ল্যাভরভ বলেন, কোনো শক্তসামর্থ্য প্রমাণ ছাড়াই লন্ডন সাবেক রুশ গুপ্তচর হত্যা প্রচেষ্টার জন্য মস্কোকে অভিযুক্ত করছে।
গত রোববার বিকেলে ব্রিটেনের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে ৬৬ বছর বয়সি সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন স্ক্রিপাল।
কিন্তু ব্রিটেনের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং ব্রিটেনে বসবাস শুরু করেন।
ব্রিটিশ সরকার অভিযোগ করছে, স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যা করতে চেয়েছিল রাশিয়া। এই অভিযোগে ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কারসহ আরো কিছু রুশ বিরোধী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫