চলতি মাসেই পরমাণু স্থাপনা বন্ধ করছে উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i57210-চলতি_মাসেই_পরমাণু_স্থাপনা_বন্ধ_করছে_উ._কোরিয়া
উত্তর কোরিয়া বলেছে, পরমাণু স্থাপনা বন্ধের বিষয়ে তারা কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের মাস খানেক আগে পিয়ংইয়ং নাটকীয় এ ঘোষণা দিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৩, ২০১৮ ০৪:৫৫ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার স্থান
    উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার স্থান

উত্তর কোরিয়া বলেছে, পরমাণু স্থাপনা বন্ধের বিষয়ে তারা কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের মাস খানেক আগে পিয়ংইয়ং নাটকীয় এ ঘোষণা দিল।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি প্রকাশ করে বলেছে, আগামী ২৩ থেকে ২৫ মে’র মধ্যে পরমাণু স্থাপনা বন্ধ করার সময় নির্ধারণ করা হয়েছে তবে কাজটি আবাহওয়া পরিস্থিতির ওপর নির্ভর করছে। কেসিএনএ জানিয়েছে, পরমাণু পরীক্ষার সুড়ঙ্গ উড়িয়ে দেয়া হবে এবং সেখানকার প্রবেশপথ বন্ধ করা হবে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু স্থাপনা বন্ধের বিষয়টি যাতে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয় সেজন্য চীন, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের ঘটনাস্থল থেকে খবর সংগ্রহের সুযোগ দেয়া হবে। বার্তা সংস্থাটি বলছে, পাহাড়ের গভীরে পরমাণু পরীক্ষার স্থানটি অবস্থিত এবং সেখানে জায়গার স্বল্পতার কারণে বিদেশি সাংবাদিকের সংখ্যা সীমিত করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে পরমাণু স্থাপনা বন্ধের সিদ্ধান্ত প্রকাশ করা হলো।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩