নিজস্ব মহড়া বাতিল করছে জাপান
https://parstoday.ir/bn/news/world-i59332-নিজস্ব_মহড়া_বাতিল_করছে_জাপান
নিজস্ব বেসামরিক মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমে আসার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুন ২১, ২০১৮ ২০:৩৯ Asia/Dhaka
  • বেসামরিক মহড়ার ফাইল ফটো
    বেসামরিক মহড়ার ফাইল ফটো

নিজস্ব বেসামরিক মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমে আসার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

জাপানের কিয়োদো বার্তা সংস্থা আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, নয়টি বেসামরিক ‘খালিকরণ’ মহড়া বাতিল করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত জাপানের নয়টি এলাকায় এসব মহড়া অনুষ্ঠানের কথা ছিল। উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি মাথায় রেখে এসব খালিকরণ মহড়ার পরিকল্পনা করা হয়েছিল।

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আগামী মঙ্গলবার তোচিগি এলাকার জন্য নির্ধারিত মহড়া বাতিল করতে টোকিওর পক্ষ থেকে অনুরোধ জানানোর পর নয়টি মহড়া বাতিলের খবর প্রকাশিত হয়। জাপানি মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়া বাতিল সংক্রান্ত ঘোষণা প্রকাশ করা হবে আগামীকাল। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় জাপান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন। পরে সই হওয়া এক চুক্তিতে দু পক্ষ বেশিকিছু প্রতিশ্রুতি দিয়েছে যা বাস্তবায়ন করলে কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমে আসবে বলে আশা করা যায়। তবে আমেরিকা এসব প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা সেটাই দেখার বিষয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১