দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা রক্ষায় 'ইস্পাত-দৃঢ়' প্রতিশ্রুতি অব্যাহত থাকবে: ম্যাটিস
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা রক্ষায় তার দেশের ইস্পাত দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে এবং একই সঙ্গে কোরিয় উপদ্বীপে বর্তমান মার্কিন সেনাদের উপস্থিতিও বজায় থাকবে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার কিছু যৌথ সামরিক মহড়া বাতিলের ঘোষণা দেয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস এ ঘোষণা দিলেন। আজ বৃহস্পতিবার চীন থেকে জাপানে রওনা হওয়ার পথে এক সংক্ষিপ্ত সফরে সিউলে পৌঁছে ম্যাটিস এ মন্তব্য করেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোং ইয়োং মো'র সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন, কোরিয়া প্রজাতন্ত্রের প্রতি আমেরিকার ইস্পাত দৃঢ় প্রতিশ্রুতি বজায় থাকবে এবং এ প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বার্থে সিউলের সঙ্গে ওয়াশিংটন পূর্ণ মাত্রায় কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক অব্যাহত রাখবে। বৈঠকে চলতি মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের ব্যাপকভিত্তিক যুদ্ধ মহড়া বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান ম্যাটিস। তিনি বলেন, "ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে কোরিয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য যেকোনো আলোচনায় আমাদের কূটনীতিকদের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি করে দেবে"

গত ১২ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিতের ঘোষণা দেন। ট্রাম্প আরো বলেছিলেন, “যুদ্ধমহড়া অনেক ব্যয়বহুল। আমরা এর বেশিরভাগ ব্যয় বহন করতাম। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমি মনে এ ধরনের সামরিক মহড়া চালানো ঠিক হবে না।”#
পার্সটুডে/বাবুল আখতার/২৮