মেরিল্যান্ডের পত্রিকা অফিসে গোলাগুলি; নিহত ৫
-
গোলাগুলির পর পুলিশের তৎপরতা
আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি পত্রিকা অফিসে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। মার্কিন কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে সিবিএস টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
চ্যানেলটির খবরে বলা হয়েছে, গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে প্রথম গোলাগুলির খবর বের হয়। একজন বন্দুকধারী ‘দি ক্যাপিটাল গেজেট’ ভবনে ঢুকে গুলি চালায়। ওই ভবনে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। ‘দি গেজেট’ হচ্ছে স্থানীয় পত্রিকা যার মূল প্রতিষ্ঠান হচ্ছে ‘দি বাল্টিমোর সান’।
গোলাগুলি শুরুর পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ওই ভবনের সব লোকজনকে হাত উঁচু করে বের হতে বলে। এরপর পুলিশ ভবনটিতে তল্লাশি চালায়। শহর কর্তৃপক্ষের এক নারী মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে পত্রিকা অফিসে কেন হামলা চালানো হয়েছে তার কোনো কারণ এখনো জানা যায় নি।
প্রতি বছর আমেরিকায় বন্দুক সহিংসতায় ৩২ হাজারের বেশি মানুষ নিহত হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯