আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের বাতিক: এবার টার্গেট ২ তুর্কি মন্ত্রী
-
সারা স্যান্ডার্স
তুরস্কে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে একজন মার্কিন যাজককে আটকের প্রতিবাদে দু’জন তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স এ খবর জানিয়ে ওই যাজক আটকের ঘটনাকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “যাজক অ্যান্ড্রিউ ব্রানসন কোনো ভুল করেছেন বলে আমাদের কাছে প্রমাণ নেই।” তাকে মুক্তি না দেয়ায় ওয়াশিংটন ক্ষুব্ধ হয়েছে বলে জানান স্যান্ডার্স। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে কয়েকবার কথা বলেছেন বলে দাবি করেন হোয়াইট হাউজের মুখপাত্র।
তুরস্কের বিচারমন্ত্রী আব্দুলহামিত গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু’র বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় ওই দুই মন্ত্রীর গচ্ছিত সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সঙ্গে যেকোনো আর্থিক ও বাণিজ্যিক লেনদেন করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তুর্কি সরকারের পক্ষ থেকে ঘোষিত দু’টি সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে কাজ করার দায়ে তুরস্কের আদালতে ৫০ বছর বয়সি মার্কিন যাজকের বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে।
ওই দুই কথিত সন্ত্রাসী গোষ্ঠীর একটি হচ্ছে আমেরিকা প্রবাসী বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনের রাজনৈতিক দল। ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে গুলেনের হাত ছিল বলে অভিযোগ করছে তুর্কি সরকার। গুলেন অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন যাজকের বিরুদ্ধে অপর যে সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে সেটি হচ্ছে, কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে। গত কয়েক দশক ধরে কুর্দিদের জন্য আলাদা আবাসভূমির দাবিতে সশস্ত্র আন্দোলন করে যাচ্ছে এই গোষ্ঠী।
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরে একটি প্রোটেস্ট্যান্ট গির্জা পরিচালনা করতেন মার্কিন যাজক ব্রানসন। সম্প্রতি তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করার হলেও ওয়াশিংটন এ পদক্ষেপকে যথেষ্ট মনে করছে না। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন